নারায়ণগঞ্জে তৈমুরের মিছিলে লাঠিপেটা, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার সকালে শহরের চাষাঢ়ায় বিএনপির মিছিল পুলিশ লাঠিপেটায় ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছে। পুলিশ চারজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ছয়টার দিকে হরতালের সমর্থনে শহরের মাসদাইর এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের চাষাঢ়ার বিজয়স্তম্ভ মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে আটক করে নিয়ে যেতে চাইলে নেতা-কর্মীরা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ বিএনপির কর্মী মহিউদ্দিন, রাসেল, আফতাব ও নাফিজকে আটক করে।বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক তৈমুর আলম খন্দকার বলেন, পুলিশ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা ও লাঠিপেটা করেছে। তিনি অভিযোগ করেন, তাঁর বাড়ির আশপাশে র্যাব ও সাদা পোশাকে পুলিশ ঘোরাফেরা করছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলো ডটকমকে বলেন, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মৃদু লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তখন চারজনকে আটক করা হয়।