নারায়ণগঞ্জে দেশি চ্যানেলের সম্প্রচার এক ঘণ্টা বন্ধ
নারায়ণগঞ্জ শহরে বেসরকারি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার এক ঘণ্টা বন্ধ ছিল। আজ বুধবার সন্ধ্যা পৌনে ছয়টা থেকে হঠাত্ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা সাতটার দিকে দেশি বাংলা চ্যানেলগুলোর সম্প্রচার আবারও শুরু হয় বলে জানা গেছে। তবে বাংলা চ্যানেলের সম্প্রচার এক ঘণ্টা বন্ধ থাকলেও ইংরেজি ও হিন্দি চ্যানেলের সম্প্রচার যথারীতি চলছে।শহরবাসীর অভিযোগ, সেলিনা হায়াত আইভী মনোনয়ন প্রত্যাহার না করে নির্বাচন করছেন—এ কথা যেন শহরবাসী জানতে না পারে, সে কারণেই এমনটি করা হয়েছে। নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকায় সন্ধ্যা পৌনে ছয়টার পর থেকে বেসরকারি চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে।নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকায় কেবল অপারেটর আবদুল করিম ওরফে বাবু। বাবু শামীম ওসমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে কেবল অপারেটর বাবু বলেন, কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে। তবে হিন্দি ও ইংরেজি চ্যানেল সম্প্রচারে কেন কোনো সমস্যা হচ্ছে না—এমন প্রশ্নের জবাব তিনি দিতে চাননি।এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে শামীম ওসমানের বিরুদ্ধে খবর প্রচারের সময় হঠাত্ সম্প্রচার বন্ধ করা হয়েছিল। বেসরকারি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার এক ঘণ্টা বন্ধ থাকায় নারায়ণগঞ্জবাসী কোনো অনুষ্ঠান দেখতে পায়নি।