নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ৩০ অক্টোবর। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ তফসিল ঘোষণা করেন।এদিকে নির্বাচনের তফসিল ঘোষণায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাঁদের অনুসারীরা উল্লাসে মেতে উঠেছেন। নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করায় তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ অক্টোবর। শামসুল হুদা বলেন, তফসিল ঘোষণার আগেই ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে নারায়ণগঞ্জ শহরে ভরে গেছে। নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সতর্ক করে সিইসি বলেন, এসব প্রচার-উপকরণ আগামী রোববার মধ্যরাতের মধ্যে অপসারণ করতে হবে। এরপর সম্ভাব্য প্রার্থীদের কারও প্রচার-উপকরণ পাওয়া গেলে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হবে। সিইসি জানান, আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো ধরনের শক্তি প্রদর্শন বা মিছিল করা যাবে না। নির্বাচনে কোনো মিছিল বা সমাবেশ করা যাবে না। তবে ঘরোয়া বৈঠক বা পথসভা করা যাবে। মেয়র প্রার্থীরা ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন না, তবে কাউন্সিলর প্রার্থীরা পারবেন। প্রার্থীদের বাধ্যতামূলকভাবে ভোটার তালিকার সিডি কিনতে হবে। প্রার্থীদের ব্যয় পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে একটি পর্যবেক্ষক কমিটি থাকবে। প্রার্থীদের প্রতি সপ্তাহে একবার করে ব্যয়ের হিসাব এই কমিটির কাছে জমা দিতে হবে বলে সিইসি জানান। শামসুল হুদা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন আছে বলে কমিশন মনে করে না। তবে প্রতি ওয়ার্ডে একজন করে মোট ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতি কেন্দ্রে পুলিশ ও আনসারের ২৪ জন করে সদস্য থাকবেন। আলোচনাসাপেক্ষে নয় প্লাটুন র্যাব ও বিজিবি মোতায়েন করা হতে পারে। ২৫টি কেন্দ্রে ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হবে। নির্বাচনকে কেন্দ্র করে ২৮ অক্টোবরের পর বহিরাগত লোকজন নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারবে না। নারায়ণগঞ্জের নির্বাচনে নয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে সিইসি জানান। তিনি বলেন, ইভিএমের কার্যকারিতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশও এই পদ্ধতি মানছে।কমিশন সূত্র আরও জানায়, বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ভোটারসংখ্যা চার লাখ তিন হাজার ৭০৬ জন। নির্বাচনে মোট ১৬৩টি ভোটকেন্দ্র এবং এক হাজার ২১৭টি কক্ষ থাকবে। তফসিল ঘোষণা অনুষ্ঠানে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে প্রতিক্রিয়া: নির্বাচনের তফসিল ঘোষণায় উল্লাসে মেতে উঠেছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাঁদের অনুসারীরা। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধি অনুযায়ী প্রার্থীর লোকজন বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন সরানো শুরু করেন।নারায়ণগঞ্জ পৌরসভার সদ্য-সাবেক মেয়র ও সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভী বলেন, ‘সরকার সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করেছে এ জন্য ধন্যবাদ জানাই। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জরুরি। এ জন্য আমাদের দাবি, সেনা মোতায়েন ও প্রশাসনে রদবদল।’ সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সাবেক সাংসদ শামীম ওসমান বলেন, ‘অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা করি।’একই ধরনের কথা বলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি। তৈমুর আলম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে হলে সরকারদলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ জন্য সেনাবাহিনী মোতায়েন ও প্রশাসনে রদবদল করতে হবে।’ রফিউর রাব্বি বলেন, ‘আমরা মনে করি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে বর্তমান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট এলাকার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা প্রয়োজন।’ আইভীর অভিযোগ: সেলিনা হায়াত আইভী গতকাল দুপুরে তাঁর বাসভবনে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব শ্যুটিংয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক অর্জনে বিশেষ সুনামের অধিকারী। সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরও শামীম ওসমান ওই ক্লাবকে তাঁর নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার অব্যাহত রেখেছেন। ক্লাবে বসে তিনি তাঁর অনুগত লোকজনের সঙ্গে বৈঠক করে নানা নির্দেশনা দিচ্ছেন।আইভী বলেন, একজন ব্যক্তির স্বার্থে রাইফেল ক্লাবকে নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করা বেআইনি। কেননা, পদাধিকারবলে জেলা প্রশাসক রাইফেল ক্লাবের সভাপতি। জেলা পুলিশ সুপার সহসভাপতি।এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সামছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পদাধিকারবলে আমি রাইফেল ক্লাবের সভাপতি হলেও নির্বাচিত সাধারণ সম্পাদক মূলত ক্লাবের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেন। ক্লাব অপব্যবহারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ শামীম ওসমানের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।