নারায়ণগঞ্জে নির্বাচনী তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৩০ অক্টোবর। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ তফসিল ঘোষণা করেন।ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ অক্টোবর।শামসুল হুদা বলেন, তফসিল ঘোষণার আগেই ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে নারায়ণগঞ্জ শহর ভরে গেছে। নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সতর্ক করে সিইসি বলেন, এসব প্রচারোপকরণ আগামী রোববার মধ্যরাতের মধ্যে অপসারণ করতে হবে। এরপর সম্ভাব্য প্রার্থীদের কারও প্রচারোপকরণ পাওয়া গেলে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।সিইসি জানান, আচরণ বিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো ধরনের শক্তি প্রদর্শন বা মিছিল করা যাবে না। নির্বাচনে কোনো মিছিল বা সমাবেশ করা যাবে না। তবে ঘরোয়া বা পথসভা করা যাবে। মেয়র পদপ্রার্থীরা ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন না, তবে কাউন্সিলর পদপ্রার্থীরা পারবেন। প্রার্থীদের বাধ্যতামূলকভাবে ভোটার তালিকার সিডি কিনতে হবে।প্রার্থীদের ব্যয় পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে একটি পর্যবেক্ষক কমিটি থাকবে। প্রার্থীদের প্রতিসপ্তাহে একবার করে ব্যয়ের হিসাব এই কমিটির কাছে জমা দিতে হবে বলে সিইসি জানান।শাসমুল হুদা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন আছে বলে কমিশন মনে করে না। তবে প্রতি ওয়ার্ডে একজন করে মোট ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতি কেন্দ্রে পুলিশ ও আনসারের ২৪ জন করে সদস্য থাকবেন। আলোচনাসাপেক্ষে নয় প্লাটুন র্যাব ও বিজিবি মোতায়েন করা হতে পারে। ২৫টি কেন্দ্রে ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হবে। নির্বাচন কেন্দ্র করে আগামী ২৮ অক্টোবরের পর বহিরাগত ব্যক্তিরা নারায়ণগঞ্জে ঢুকতে পারবে না। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থান নেবে।নারায়ণগঞ্জের নির্বাচনে নয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে সিইসি জানান। তিনি বলেন, ইভিএমের কার্যকারিতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশও এই পদ্ধতি মানছে।কমিশন সূত্র আরও জানায়, বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা চার লাখ তিন হাজার ৭০৬। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৬১০ জন এবং পুরুষ ভোটার দুই লাখ তিন হাজার ৯৬ জন। নির্বাচনে মোট ১৬৩টি ভোটকেন্দ্র এবং এক হাজার ২১৭টি কক্ষ থাকবে।তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি ছাড়াও দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।