নারায়ণগঞ্জে নির্বাচনের তফসিল কাল-পরশুর মধ্যে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, কাল-পরশুর মধ্যেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আজ রোববার নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।সিইসি বলেন, কাল সোমবার কমিশনের বৈঠকে এ বিষয়ে আলোচনা করেই তফসিল ঘোষণা করা হবে।কমিশন সূত্র জানায়, প্রকাশিত গেজেটের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২ নভেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ এবং ১০ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করতে হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে অর্ধেকের বেশি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। বিদ্যমান তালিকা অনুযায়ী বর্তমানে সেখানে ভোটার চার লাখ তিন হাজার ৮৩২ জন।তবে নয়টি ওয়ার্ডে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা ভোটার ও ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেন। ১৬৩টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে এক হাজার ২১৭টি। তবে এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন দুজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম যে বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কে এ টি এম শামসুল হুদা বলেন, ‘আমরা নতুন নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে কিছু জানি না। তবে এতে আইনি কোনো বাধা নেই। কারণ সাংবিধানিকভাবে পাঁচজন নির্বাচন কমিশনার নিয়োগের সুযোগ রয়েছে। যদিও আমরা এর বিরোধিতা করেছিলাম।’