ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গতকাল বুধবার নারায়ণগঞ্জে পুলিশের একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করে তিন পুলিশ ও এক চালককে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছেন। ইট দিয়ে দুই পুলিশ সদস্যের মাথা থেঁতলে দিয়েছেন তাঁরা। সিলেট ও খুলনায় পুলিশকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি ককটেল ছুড়ে মারে জামায়াত-শিবিরের কর্মীরা। একই দিন নীলফামারীর ডোমার পৌর শহরেও পুলিশের ওপর হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়ি ভাঙচুর করে এক সেপাইকে আহত করেছে। এসব ঘটনায় ১৭ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৪০ জন আহত হন। দলীয় সূত্র দাবি করে, মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জে ঝটিকা তাণ্ডব: সকালে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে ৬০-৭০ জন শিবিরের কর্মী ঝটিকা মিছিল বের করেন। ওই এলাকায় পুলিশের একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন মুখোশ পরা শিবিরের কর্মীরা। একপর্যায়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে তাঁদের রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় এবং ইট দিয়ে সদর মডেল থানার এসআই রবি চরণ চৌহান ও কনস্টেবল আবুল কাশেমের মাথা থেঁতলে দেওয়া হয়। ছিনিয়ে নেওয়া হয় একটি ওয়াকিটকি। প্রায় ২০ মিনিট ধরে চলে এই তাণ্ডব। হামলায় আহত অন্য দুজন হলেন সদর মডেল থানার কনস্টেবল জুয়েল ও পিকআপ ভ্যানের চালক সুলতান।পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত অভিযোগে শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।সিলেট ও খুলনায় ককটেল হামলা: বেলা পৌনে তিনটার দিকে সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। বন্দরবাজার যাওয়ার মুখে সবুজ বিপণির কাছে মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় মিছিলের পেছন থেকে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়। পুলিশ ধাওয়া দিলে তাঁরা ছয়-সাতটি ককটেল ও ইট ছোড়েন। এ সময় ২০টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।একপর্যায়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জিন্দাবাজারের একটি দোতলা ভবনে হাতে ছোড়া গ্যাসের শেল নিক্ষেপ করলে তা লক্ষ্যচ্যুত হয়ে কর্তব্যরত দুই সাংবাদিকের ওপর পড়ে। এতে সাংবাদিক শফি আহমদ ও মাহমুদ হোসেন রাস্তায় লুটিয়ে পড়েন। সহকর্মীরা দুজনকে হাসপাতালে ভর্তি করান।আতাউর রহমান বলেন, ‘শিবিরের কর্মীরা ওই ভবনে আশ্রয় নিয়ে পুলিশের ওপর হামলার প্রস্তুতি নিয়েছিল। হামলা ঠেকাতে গ্যাসের শেল নিক্ষেপ করলে একটি লক্ষ্যচ্যুত হয়ে সাংবাদিকদের ওপর পড়ে।’নাম প্রকাশে অনিচ্ছুক এক জামায়াত নেতা বলেন, হরতাল-পরবর্তী কেন্দ্রঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালন করতে মিছিল বের হয়। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে তাঁদের কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হন। কোতোয়ালি থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির বলেন, ‘জামায়াত-শিবিরের হামলায় আহত সাত পুলিশ সদস্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে ১১ জনসহ নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’খুলনা নগরের বয়রা বাজার মোড় থেকে সকাল ১০টার দিকে নগর জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বয়রা মোড় থেকে পাবলিক কলেজের দিকে যাওয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করেন শিবিরের কর্মীরা। ককটেলের বিস্ফোরণে সোনাডাঙ্গা থানার এসআই মো. নাসির ও কনস্টেবল রাকিব আহত হন। পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশের আরও কয়েকটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা পালিয়ে যান।ডোমারে হামলা-ভাঙচুর: নীলফামারীর ডোমার উপজেলা শহরে বিকেলে মিছিলে বাধা দিলে পুলিশের ওপর হামলা চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। পুলিশ কাঁদানে গ্যাসের দুটি শেল ও একটি রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে যান। এ সময় ক্ষুব্ধ জনতা ডোমার রেলস্টেশন সড়কে জামায়াত-শিবিরের উপজেলা কার্যালয় ভাঙচুর করে।বিজিবির গাড়িতে হামলা: বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি মহানন্দা বাসস্ট্যান্ডে পৌঁছে শিবগঞ্জ থেকে আসা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ভাঙে এবং বিজিবির সেপাই আমজাদ হোসেন আহত হন। ওই সময় আরও একটি পিকআপ ভ্যানে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যান তাঁরা।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, বিজিবির গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। জেলা জামায়াতের সদস্য সাইদুর রহমান, আবদুল হামিদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই মিনিটের ত্রাস: বেলা দুইটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল নিয়ে রাজশাহী নগরের অলকার মোড় এলাকায় আসেন। সেখানে ইট ভেঙে লাঠিসোঁটা নিয়ে রাস্তার পাশের দোকানপাটের বন্ধ দরজায় বাড়ি দিয়ে ত্রাস সৃষ্টি করে। ভয়ে ছোটাছুটি শুরু করে লোকজন।বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন বলেন, ওদের মিছিল দু-এক মিনিট স্থায়ী হয়েছে। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে আটক করে।দিনাজপুরে শিবিরের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ: পুলিশের সঙ্গে সংঘর্ষে দিনাজপুরের রানীরবন্দরে শিবিরের কর্মী মুজাহিদ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল দিনাজপুরে হরতাল পালন করে জামায়াত-শিবির।সকালে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা খানসামা উপজেলার পাকেরহাট বাজারে দোকানপাট বন্ধ করতে ব্যবসায়ীদের বাধ্য করেন। সকাল নয়টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল বের করেন। এ সময় হরতাল-সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এতে দুুই জামায়াত কর্মী আহত হন।গ্রেপ্তার: মঙ্গলবার হরতাল চলাকালে যাত্রীবাহী বাস ও পুলিশের জিপ ভাঙচুর এবং রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধের অভিযোগে করা দুটি রাষ্ট্রদ্রোহ মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা সদস্য আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার নলতা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।কুমিল্লার দেবীদ্বার উপজেলা সদরের কলেজ রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা জামায়াতের রুকন ও মুরাদনগর উপজেলার গুঞ্জর মাদ্রাসার অধ্যক্ষ মো. সফিকুল ইসলামকে।এর আগে মঙ্গলবার রাতে ঢাকার দোহার পৌরসভা জামায়াতের রুকন নূর হোসেন খানকে উপজেলা সদরের জয়পাড়া বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট, খুলনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা; দিনাজপুর অফিস; নারায়ণগঞ্জ, নীলফামারী, নবাবগঞ্জ (ঢাকা) ও দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি]