নারায়ণগঞ্জে পুলিশের লাঠিপেটায় আহত তৈমুর
ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জে দলটির মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ জেলা মহিলা দলের সভানেত্রী নুরুননাহার ও ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মামুনকে আটক করেছে। শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটায় শহরের শুক্কুর ক্বারি মসজিদের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। পরে তাঁরা শহরের দলীয় কার্যালয়ের সামনে সভা করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। কিন্তু তাঁরা বাধা উপেক্ষার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে এবং ব্যানার ছিনিয়ে নেয়। এতে পাঁচজন আহত হন।তৈমুর আলম খন্দকার বলেন, পুলিশ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে এবং লাঠিপেটা করেছে। পুলিশ সরকারের পেটুয়া বাহিনী হয়ে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মৃদু লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। মহিলা দলের সভানেত্রীসহ দুজনকে আটক করা হয়েছে।