নারায়ণগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আজ রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। আহতদের শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধ জনতা একটি বাস ভাঙচুর করে। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন, আড়াইহাজার উপজেলার মাসুদ সালাউদ্দিন (৩৫) ও ঢাকার ধনিয়া যাত্রাবাড়ীর আবদুর জব্বার (৪০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় নারায়ণগঞ্জগামী মালবাহী একটি কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তিনজন নিহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি গাড়ি ভাঙচুর করে। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কাভার্ড ভ্যানটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। অন্যদিকে এর আগে সকাল আটটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার পঞ্চবটী এলাকায় আনন্দ পরিবহনের ঢাকাগামী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি বেবিটেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেবিটেক্সিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বেবিটেক্সির পাঁচজন ও রিকশার তিন যাত্রী আহত হয়েছে। আহতদের শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ তিনটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।