নারায়ণগঞ্জে পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচনের দাবি সুজনের
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতেও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে।নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আজ সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্যসচিব শরিফউদ্দিন সবুজ।লিখিত বক্তব্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনে নির্বাচনের আগেই সেনাবাহিনী মোতায়েনের দাবি করা হয়। একই সঙ্গে প্রশাসন ও পুলিশের কেউ নিরপেক্ষতা ভঙ্গ করলে তাত্ক্ষণিকভাবে বদলিসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।আর আইনগতভাবে নির্দলীয় এ নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করা হয়। সংবাদ সম্মেলনে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর। এখানকার মানুষদের রাজনৈতিক প্রজ্ঞা অনেক স্বচ্ছ। আমরা মনে করি, প্রথম সিটি করপোরেশন নির্বাচনে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। সরকারের কাছ অনুরোধ নারায়ণগঞ্জের নির্বাচন যেন একটি দৃষ্টান্ত হয়ে থাকে এবং সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে।’ সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুদদার বলেন, নির্বাচনের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। প্রার্থীদের সব তথ্য বিশ্লেষণ করে সাধারণ মানুষকে জানানো হবে।