নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে আজ রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রায় তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন হারভেস্ট রিচ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় তাঁরা সাত-আটটি গাড়ি ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, শ্রমিকেরা সকাল আটটার দিকে কারখানার কাজে যোগ দিতে এসে বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে ওই কারখানার ও রূপালী ব্যাংকের ভুলতা শাখা অফিসের কাচ ভাঙচুর করেন। এরপর নয়টার দিকে তাঁরা ভুলতা আউখাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর শুরু করেন। পুলিশ ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।শ্রমিকদের অভিযোগ, তাঁদের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। প্রতি মাসের ২০-২২ তারিখের আগে বেতন পরিশোধ করা হয় না। সঠিক সময়ে বাড়িভাড়া না দিতে পারায় শ্রমিকদের কেউ বাড়ি ভাড়া দিতে চায় না বলেও অভিযোগ করেন তাঁরা। তাই প্রতি মাসে ৮-১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার দাবি জানান শ্রমিকেরা। একই সঙ্গে তাঁরা হাজিরা বোনাস ১৫০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি জানান।পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বেলা ১১টার দিকে মালিক-শ্রমিক পক্ষের বৈঠক হয়। বৈঠকে কর্তৃপক্ষ আগামীকাল বকেয়া টাকা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নেন।শিল্প পুলিশ-৪-এর পরিচালক মাহবুব আলম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।