নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের ৫ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
বিদেশে রপ্তানিযোগ্য কাপড় উত্পাদনকারী এসিএস টেক্সটাইলের শ্রমিকেরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত পাঁচ ঘণ্টা তাঁরা মহাসড়কটি অবরোধ করে রাখেন। ঘোষিত ন্যূনতম মজুরি চলতি মাস থেকে কার্যকর করাসহ তিন দফা দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে এসিএস টেক্সটাইলের শ্রমিকেরা কারখানায় গিয়ে কর্মঘণ্টা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত করা ও চলতি মাস থেকে ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে এবং কারখানার মধ্যস্তরের কর্মকর্তাদের নির্যাতনের প্রতিবাদে সকাল সাড়ে আটটার দিকে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। পরে তাঁরা কারখানার পাশে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ দেন। এ কারণে ওই সড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।