নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলকারীদের ব্যাপক লাঠিপেটা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনায় শহরের চাষাঢ়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরের দিকে শহরের চাষাঢ়া শহীদ মিনারে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতা-কর্মীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে ফোরামের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা হলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে। এ সময় পুলিশ শহীদ মিনারের ভেতরে টিয়ার শেল নিক্ষেপ করলে মিছিল থেকে পাল্টা ইটপাটকেল ছোড়া হয়।লাঠিচার্জে আহত হয়েছেন পুলিশ সদস্যসহ ২৫ জন। পরে নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাবি অভিযোগ করে বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বেপরোয়া লাঠিচার্জ করেছে। পুলিশের এলোপাতাড়ি লাঠিচার্জে কমপক্ষে ২০ আহত হয়েছে।’নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে দেওয়া যাবে না বলে ওপর থেকে সিদ্ধান্ত ছিল। তবে তাঁরা কয়েকজন গিয়ে স্মারকলিপি পেশ করতে পারবেন। কিন্তু তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে।উল্লেখ্য, বর্ধিত বাসভাড়া প্রত্যাহার, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির পর্যাপ্ত নন-এসি বাস চালু, মণ্ডলপাড়া পুল থেকে বিআরটিসি বাস চালু, ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো রুটে (পঞ্চবটী-পাগলা) বিআরটিসি বাস চালু, নারায়ণগঞ্জ-কমলাপুরে কমিউটার ট্রেন সার্ভিস চালু, ডাবল লাইন স্থাপন, বগির সংখ্যা ও প্রতি ঘণ্টায় রেল সার্ভিস চালুসহ রেল খাতকে উন্নত করার দাবিতে গত সপ্তাহে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম আজ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি পেশ করার ঘোষণা দিয়েছিল।