নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বিদ্যুতের দাবিতে গত মঙ্গলবার রাতে শহরের মণ্ডলপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী। রাত দেড়টা থেকে ভোররাত চারটা পর্যন্ত এই বিক্ষোভ-সংঘর্ষ চলে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হন। পুলিশ এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।সংঘর্ষে নারায়ণগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) গুলজার ও নজরুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল, কনস্টেবল দুলাল, আবু বক্কর, হাবিলদার আবদুল মজিদসহ ১০ জন পুলিশ সদস্য আহত হন। আহত ব্যক্তিদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ ঘটনাস্থল থেকে আউয়াল (২৩), জসীম (২৩), সজীব (২৪), সামাউল (১৮), বাবুল (২৪), হেলাল শেখ (১৮), আনোয়ার (২০), মিলন (১৪), মামুন (১৮) ও মরণকে (১৮) গ্রেপ্তার করে। গতকাল তাঁদের আদালতে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত দেড়টায় শহরের দক্ষিণ-পশ্চিম প্রান্তের বাবুরাইল, পাইকপাড়া, বেপারীপাড়া, নয়াপাড়া, বউবাজার, ভূঁইয়াপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের মণ্ডলপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা করে। এ সময় তারা নারায়ণগঞ্জ পৌরসভার গ্যারেজে ঢুকে দুটি গাড়ি ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। বিক্ষোভকারীরা উপকেন্দ্রের ফটক ভেঙে ভেতরে ঢুকে আসবাব ও জানালার কাচ ভাঙচুর এবং কেন্দ্রের অভিযোগ গ্রহণকারী বোরহানকে মারধরসহ একটি টেলিভিশন লুট করে। তারা দুটি মই পুড়িয়ে দেয়। উপকেন্দ্রের কর্মীরা ভয়ে পালিয়ে যায়। বিক্ষুব্ধ মানুষ মণ্ডলপাড়ায় একটি ট্রাক ভাঙচুরের চেষ্টা করলে টহল পুলিশ তাদের বাধা দেয়। এতে জনতার সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। শহরের মণ্ডলপাড়া ও জিমখানা এলাকায় প্রথমে সংঘর্ষ শুরু হলেও পরে তা বাবুরাইল, পাইকপাড়া, বউবাজার, নয়াপাড়া, ভূঁইয়াপাড়া এলাকায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আড়াই শ শটগানের গুলি ও বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।এলাকাবাসী জানান, শহরের বাবুরাইল, বেপারীপাড়া, ভূঁইয়াপাড়া, জলারপাড়, খানকা রোড, দেওভোগ পাক্কা রোড, নাগবাড়িসহ আশপাশের এলাকায় কয়েক দিন ধরে তীব্র বিদ্যুৎসংকট চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎ চলে যায়, আসে বিকেল সাড়ে পাঁচটায়। আবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত পৌনে তিনটা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। মণ্ডলপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রে অভিযোগ করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে রাতে ঘুমানো যায় না। অতিষ্ঠ হয়ে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে।মণ্ডলপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রের সুইচ বোর্ড অপারেটর আবদুল বাতেন বলেন, ‘আমাদের কেন্দ্র থেকে ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় না। এখান থেকে শহরের ডিআইটি, টানবাজার, নয়ামাটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এলাকাবাসী ভুল বুঝে আমাদের অফিসে হামলা করেছে।’এ ব্যাপারে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নারায়ণগঞ্জ অঞ্চলের (পশ্চিম) ব্যবস্থাপক মাহমুদুল হক বলেন, ‘মঙ্গলবার রাত নয়টা থেকে সরবরাহ লাইনের ত্রুটি দেখা দেওয়ায় মূলত ওই সব এলাকায় সমস্যা শুরু হয়। আমরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করি। এলাকার লোকজনও আমাদের সঙ্গে ছিল। সারা রাত কাজ করার পর ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।’শহরের বিদ্যুৎ উপকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাছে আবেদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিটি কেন্দ্রেই পুলিশ মোতায়েন করা হয়েছে। মণ্ডলপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ মডেল থানার এএসআই আমিনুল ইসলাম গ্রেপ্তার হওয়া ১১ জন ও অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। অন্যদিকে মণ্ডলপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় ডিপিডিসির সহকারী ব্যবস্থাপক মনিরুজ্জামানও বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘ঘটনাটি শুধু ক্ষোভ নাকি পূর্বপরিকল্পিত, তা খতিয়ে দেখা হচ্ছে।’