নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের গাবতলী নতুনবাজার এলাকায় একটি মেসবাড়িতে বিস্ফোরণে দগ্ধ হওয়া তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন জুয়েল খান (২৫), সালাউদ্দিন (২২) ও হোসেন আলী (২৪)। সালাউদ্দিন আজ রোববার ভোর পাঁচটায়, হোসেন আলী সকাল নয়টায় ও জুয়েল খান গতকাল রাত পৌনে নয়টায় মারা যান। তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন থাকা অবস্থায় মারা যান। গত ১৮ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের গাবতলী নতুনবাজার এলাকায় একটি মেসবাড়িতে বিস্ফোরণে এই তিনজনসহ ছয়জন অগ্নিদগ্ধ হন। বিকট শব্দে বিস্ফোরণে দুটি ঘরের টিনের চাল উড়ে যায় ও দেয়াল ধসে পড়ে। দগ্ধ হওয়া ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন বলেন, হাসপাতালে চিকিত্সাধীন বাকি তিনজন জালাউদ্দিন, ইব্রাহিম ও বাচ্চুর অবস্থাও আশঙ্কাজনক।