নারায়ণগঞ্জে ভবনে ফাটল, খালি করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ নাগবাড়ি এলাকায় অবস্থিত হাকিম মার্কেট ভবনে ফাটল দেখা দিয়েছে। আজ রোববার চার তলাবিশিষ্ট ওই ভবনের শ্রমিকেরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে ভবনটি খালি করার নির্দেশ দেওয়া হয়।আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম ভবনটিকে ‘ভয়াবহ ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে এটি খালি করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।ইউএনও গাউছুল আযম প্রথম আলো ডটকমকে জানান, চার তলাবিশিষ্ট এ মার্কেটটিতে ছোট ছোট দুই শতাধিক দেশীয় পোশাক প্রস্তুত কারখানা রয়েছে। সেখানে দেড় থেকে দুই হাজার শ্রমিক কাজ করেন। ভবনটি পুরোনো হওয়ায় দীর্ঘ দিন ধরে এর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এটি এখন ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। বৃষ্টি বা ঝড় হলে ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। দুর্ঘটনা এড়াতে ওই ভবনে থাকা দোকান ও কারখানার মালিকদের তাঁদের মালামাল সরিয়ে নিয়ে খালি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরে বুয়েট ও সিটি করপোরেশনের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। তাঁদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।নারায়ণগঞ্জ দর্জি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বিল্লাল বাশার জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে ধসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই পুরোনো ভবনটি ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি। তবে এ বিষয়ে ভবনটির মালিকপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ঝুঁকিপূর্ণ ভবনটি খালি করার জন্য মাইকিং করা হয়েছে।