নারায়ণগঞ্জে মেসবাড়িতে বিস্ফোরণ, ছয়জন দগ্ধ, কারণ অজ্ঞাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের গাবতলী নতুন বাজার এলাকায় একটি মেসবাড়িতে বিস্ফোরণে তিন সহোদরসহ ছয়জন অগ্নিদগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, বিকট শব্দে বিস্ফোরণে দুটি ঘরের টিনের চালা উড়ে যায় এবং দেয়াল ধসে পড়ে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে গত রাত পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি।আহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামপুর গ্রামের তিন সহোদর কামাল হোসেন (২৮), আবুল হোসেন (২৪) ও রুবেল হোসেন (২০) এবং বরিশালের গৌরনদী উপজেলার বেজগাঁও গ্রামের সালাউদ্দিন (২৮), মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রঞ্জনপুর গ্রামের মনির হোসেন (২৫) ও একই এলাকার বাচ্চু হাওলাদার (২৬)।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আবুল হোসেন গত রাতে প্রথম আলোকে বলেন, তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইন এলাকার ইমাম বুখারী একাডেমিতে শিক্ষকতা করেন। তাঁর দুই ভাই পোশাক কারখানা সুমন গ্রুপ অব কোম্পানিতে আয়রনম্যান হিসেবে কাজ করেন। ঘটনার সময় তাঁরা তিন ভাই ঘুমে ছিলেন। বিকট শব্দে তাঁর ঘুম ভাঙে। তিনি দেখেন, বৈদ্যুতিক লাইনে আগুন ধরে গেছে। তাঁরা তিনজন দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন।অগ্নিদগ্ধ সালাউদ্দিন বলেন, তিনি একজন নির্মাণশ্রমিক। ১৫ দিন আগে তাঁরা ছয়জন ঢাকায় কাজে আসেন এবং ওই মেসে থাকেন। আগুনের ঘটনা সম্পর্কে তিনি বলেন, তাঁর সহকর্মী বাচ্চু সিগারেট ধরাতে ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ধরে যায়। শরীরেও আগুন ধরে গেলে তাঁরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ছয়জনই আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন বলে মনে হচ্ছে। তাঁদের মধ্যে চারজনের শরীরের ৪৫ থেকে ৫৫ ভাগ এবং দুজনের ২০ থেকে ৩০ ভাগ পুড়ে গেছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন জানান, কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা বিশেষজ্ঞ দল জানিয়েছে, বিস্ফোরকদ্রব্যের কোনো আলামত পাওয়া যায়নি। তিনি জানান, আহত ব্যক্তিদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে তিনটি জাতীয় পরিচয়পত্র, এনজিওর কার্যক্রমের বিরুদ্ধে একটি উর্দু ও দুটি বাংলায় লেখা বই সেখান থেকে উদ্ধার করা হয়।আহত ব্যক্তিরা নতুন বাজার এলাকার আবদুল খালেক শিকদারের মেসবাড়ির দুটি কক্ষে ভাড়া থাকতেন। ওই মেসের পাঁচ নম্বর কক্ষের বাসিন্দা ফতুল্লা অ্যাপারেলসের শ্রমিক জসিমউদ্দিন জানান, ১৫ নম্বর কক্ষে বিকট শব্দে রাত সাড়ে তিনটায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই ঘরটি ছাড়াও পাশের ঘরের টিনের চালা উড়ে যায়। দেয়াল ধসে পড়ে।বাড়ির মালিকের ছেলে শামসুদ্দোহা সাংবাদিকদের জানান, দুই বছর আগে জামাল ও রুবেল ১৫ নম্বর কক্ষটি ভাড়া নেন। তাঁদের ভাই পরিচয় দিয়ে আবুল হোসেন মাঝে মাঝে এ মেসে আসা-যাওয়া করতেন। আবুল হোসেন সব সময় এ মেসে থাকতেন কি না, বাড়ির মালিক তা জানেন না।