নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক যুবককে আজ শুক্রবার ভোরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেওয়া ও প্রতিবাদ করায় তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সেলিম আহম্মেদ ওরফে বাবুল (২৫)। তিনি এলাকায় মুদি দোকানের মালিক ছিলেন।ঘটনা সম্পর্কে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোরের দিকে উপজেলার মাছিমপুর এলাকার একদল মাদক ব্যবসায়ী সেলিমের বাড়িতে হামলা চালায়। এ সময় সেলিমকে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। সেলিমের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা তিন থেকে চারটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে চিহ্নিত পাঁচ-ছয়জন মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় ও আগুন লাগায়। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ মাদক ব্যবসায়ী সোহেল (৩২), মাসুদ (২৬) ও হাশেমকে (৪৫) আটক করে।ওসি আতিকুর রহমানের ভাষ্য, সেলিম মাদক নির্মূল ও প্রতিরোধ কমিটির সদস্য। তিনি এলাকায় মাদক বিক্রিতে বাধা দিতেন ও পুলিশকে সহায়তা করতেন। এ কারণে মাদক ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে তাঁর ধারণা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।