নারায়ণগঞ্জে রবীন্দ্রকাহিনির চলচ্চিত্র উৎসব
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রকাহিনি অবলম্বনে নারায়ণগঞ্জে আগামী ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর চার দিনের চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। উৎসবের উদ্বোধন করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। এ ছাড়া উৎসবে ‘রবীন্দ্রসাহিত্য ও বাংলা চলচ্চিত্র’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উৎসবের আয়োজক ‘নারায়ণগঞ্জ সার্ধশত রবীন্দ্রজয়ন্তী পরিষদ’-এর নেতারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সার্ধশত রবীন্দ্রজয়ন্তী পরিষদের সদস্যসচিব ভবানী শংকর রায় জানান, গত ২৫ বৈশাখ থেকে পরিষদ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন। ইতিমধ্যে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ হাইস্কুলে কবির আবক্ষ ভাস্কর্য স্থাপনসহ বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ থেকে ২৬ নভেম্বর চলচ্চিত্র উৎসব হবে শহরের চাষাঢ়ার জিয়া হলে। উৎসবে নটীর পূজা; তিন কন্যা, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা; চার অধ্যায়, চারুলতা, নৌকাডুবি, শাস্তি, চতুরঙ্গ চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী রফিউর রাব্বি, আবদুর রহমান, জাহিদুল হক, হাসান জাফরুল প্রমুখ।