নারায়ণগঞ্জে রাইজার বিস্ফোরণে একই পরিবারের আটজন আহত
নারায়ণগঞ্জে গ্যাসের রাইজার বিস্ফোরণে একই পরিবারের আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে শহরের পাইকপাড়া বেপারীগলি এলাকায় এ ঘটনায় ঘটে। আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গতকাল রাত দুইটার দিকে শহরের পাইকপাড়া বেপারীগলি এলাকার মানিক মিয়ার বাড়িতে আকস্মিকভাবে তিতাস গ্যাসের রাইজারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে তা ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় তিনটি ঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল।আগুনে দগ্ধ হন মানিক মিয়া (৬৫), তাঁর স্ত্রী আলেয়া বেগম (৫৫), বড় মেয়ে সুমনা (৩৮), মেঝো মেয়ে ঝুমা (২৫), ছোট মেয়ে নাদিয়া (২০), ছেলে আল-আমিন (১৮) ও অমর (১৩) এবং সুমনার ছেলে সজীব (৪)। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে মানিক মিয়া, সুমনা, ঝুমা ও সজীবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির প্রথম আলোকে বলেন, তিতাস গ্যাসের রাইজার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। কেউ সিগারেট খেয়ে আগুন ফেলার কারণে গ্যাসের রাইজার বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিতাস গ্যাসের চাপ বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে এবং ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।