নারায়ণগঞ্জে শহর বিএনপির নেতা আটক
নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে আজ মঙ্গলবার সকালে বিএনপি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। তবে পিকেটাররা সড়কের বিভিন্ন স্থানে ও ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে টায়ারে আগুন জ্বালায় এবং বেশ কটি যানবাহন ভাঙচুর করে। শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ ১৬ জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল ছয়টার দিকে শহরের গলাচিপা এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেন ১৮ দলের নেতা-কর্মীরা। তাঁরা মিছিল নিয়ে শহরের চাষাঢ়া এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয় এবং তাঁদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। ভোরে রূপগঞ্জের কাঞ্চনে একটি বাস ও দুটি ট্রাকে আগুন দিয়েছে বিএনপির সমর্থকেরা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন স্থানে ও ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের চাষাঢ়ায় টায়ারে আগুন জ্বালান। ভাঙচুর করেন বেশ কয়েকটি গাড়ি। পুলিশ শহরের চাষাঢ়া এলাকা থেকে শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে আটক করে। ভোরে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শামীমকে আটক করা হয়। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলো ডটকমকে জানান, হরতালে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ভাঙচুরের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।