নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ১৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ মঙ্গলবার অভিযান শুরু হয়েছে। সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর যৌথ উদ্যোগে শহরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম ও দক্ষিণাংশ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদের প্রথম দিনে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।অবৈধ স্থাপনার মধ্যে সাতটি টিনের ঘর, দুটি টয়লেট, বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করা একটি অংশ, ছয়টি টিনশেড বিল্ডিং, একটি পাকা গুদাম, একটি সীমানা দেয়াল। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ ও সামসুদ্দৌহার নেতৃত্ব উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দরের উপপরিচালক আলমগীর কবিরসহ বিদ্যুত্, গ্যাস, ওয়াসা, দমকল বাহিনীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক র্যাব ও পুলিশও ছিলেন।আলমগীর কবির জানান, উচ্ছেদ অভিযানে দুই শতাধিক শ্রমিক ও উচ্ছেদের কাজে দুটি জাহাজ অগ্রণী ও অগ্রযাত্রা অংশ নেয়।জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা, বালু ও বুড়িগঙ্গা নদীর দুই তীর দখল করে গড়ে উঠেছে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান, গুদামঘর, পাকা ইমারাতসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া জাহাজ থেকে মালামাল ওঠানো-নামানো করতে নির্মাণ করা হয়েছে জেটি। নদীর প্রায় ৩০-৪০ ফুট জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন সিএস মোতাবেক তিন হাজার ১০টি ও আর এস মোতাবেক ৩২০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেন। এর মধ্যে গত ৯ মার্চ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সোনারগাঁও মৌজায় জেলা প্রশাসন ও বিআইডবিউটিএ অভিযান চালিয়ে ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।