নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ঋষিপাড়া এলাকা থেকে রাজকুমার রাজন (২৩) নামে জুতা-কারখানার এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকাবাসী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।এলাকাবাসীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল শনিবার রাতে শহরের ঋষিপাড়া বালুর মাঠ এলাকার বাসা থেকে জুতার কারখানার শ্রমিক রাজনকে তাঁর বন্ধু জসিম ডেকে নিয়ে যান। এর পর থেকে রাজকুমার নিখোঁজ। আজ সকালে শহরের ঋষিপাড়া এলাকায় লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবার গিয়ে রাজনের লাশ শনাক্ত করে। নিহতের গলায় ধারাল আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এলাকাবাসী পলাশ, মুন্না ও সাদ্দাম নামের তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি জানান, নিহত রাজকুমার নরসিংদীর বেলাবো এলাকার ঠাকুর দাসের ছেলে। তিনি শহরের ঋষিপাড়া এলাকায় থাকতেন।