নারায়ণগঞ্জে সাতটি বোমাসদৃশ বস্তু উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া চাঁদমারী এলাকা থেকে আজ শুক্রবার বিকেলে লাল স্কচটেপে মোড়ানো সাতটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব। উদ্ধারকৃত বোমাসদৃশ বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য র্যাবের বোমাবিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সাড়ে পাঁচটায় র্যাব-১১-এর একটি দল শহরের চাষাঢ়া চাঁদমারী এলাকায় জনৈক হায়দার আলীর একটি রিকশা গ্যারেজে অভিযান চালায়। এ সময় একটি পলিথিন ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ওই সাতটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চার সন্ত্রাসী পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, মাদক বিস্তাররোধে র্যাবের অভিযান অব্যাহত থাকায় দুটি গ্রুপ একে অন্যকে ফাঁসাতে এগুলো রেখে যেতে পারে।