নারায়ণগঞ্জে সেনা না দেওয়ার কারণ জানতে চেয়ে চিঠি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না করার কারণ জানতে চেয়ে সরকারের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে এ চিঠি পাঠানো হয়।এদিকে নারায়ণগঞ্জের অভিজ্ঞতার পর বর্তমান নির্বাচন কমিশন তাদের মেয়াদে আর কোনো নির্বাচন করতে চায় না। মধ্য ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদ শেষে বিদায় নেবে এই কমিশন। সিইসি শামসুল হুদা ও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিদায় নেবেন ৬ ফেব্রুয়ারি। আর এম সাখাওয়াত হোসেন বিদায় নেবেন ১৪ ফেব্রুয়ারি।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা গতকাল প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জে সেনাবাহিনী না দেওয়ার কারণ জানতে চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে কেন অন্ধকারে রাখা হলো, তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।গত ১৬ অক্টোবর নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছিল। কিন্তু সেনা মোতায়েন তো দূরের কথা, সরকার ওই চিঠির জবাবও দেয়নি।কমিশন সূত্র জানায়, চিঠির জবাব না দেওয়ার ঘটনাকে স্বাভাবিকভাবে নেয়নি কমিশন। এ কারণে ক্ষুব্ধ ইসি এক দিন আগে নির্বাচন স্থগিত করতে চেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিব্রতকর পরিস্থিতি এড়াতে র্যাবের সংখ্যা বাড়িয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে আইন অনুসারে ৫ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ইসি আর কোনো নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বছর ধরে নির্বাচন করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তাই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করার দায়িত্বটা পরবর্তী নির্বাচন কমিশনের জন্য রেখে যেতে চাই। নারায়ণগঞ্জই বর্তমান কমিশনের শেষ নির্বাচন।’ তিনি বলেন, এ নির্বাচনের সীমানা নির্ধারণের গেজেট কবে প্রকাশিত হবে, তাও কমিশন জানে না। এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের কাছে চিঠি দিয়ে এক মাস আগে জানতে চাওয়া হলেও তারা কিছু জানায়নি। ফলে কমিশন এভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে পারে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারায়ণগঞ্জে সেনাবাহিনী না দেওয়ার বিষয়টি অন্তত কমিশনকে জানানো প্রয়োজন ছিল। তবে তাঁদের মেয়াদে আর কোনো নির্বাচন না করার জন্য এটি কারণ নয় বলে তিনি মন্তব্য করেন।অপর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, ‘নারায়ণগঞ্জে শেষ পর্যন্ত একটি ভালো নির্বাচন করা সম্ভব হয়েছে। এ ভালোর রেশ নিয়েই আমরা বিদায় নিতে চাই। সে কারণে কুমিল্লার নির্বাচনের কোনো উদ্যোগ এ কমিশন নিচ্ছে না।’কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হয় গত ১০ জুলাই। স্থানীয় সরকার (সিটি করপোরেশন), ২০০৯ আইন অনুসারে সিটি করপোরেশন গঠিত হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে ক্ষেত্রে চলতি মাসের তৃতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু সীমানা নির্ধারণ-সম্পর্কিত গেজেট এখনো প্রকাশিত হয়নি। এ গেজেট কবে প্রকাশিত হবে, তা জানতে চেয়ে গত ৯ অক্টোবর নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছিল। সে চিঠিরও জবাব পায়নি নির্বাচন কমিশন। শেষ সুপারিশ: বর্তমান নির্বাচন কমিশন বিদায় নেওয়ার আগে অনুসন্ধান (সার্চ) কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগসহ সরকারের কাছে পাঁচ দফা সুপারিশ করবে। ঈদের পরই এসব সুপারিশমালা চূড়ান্ত করে সরকারের কাছে পাঠানো হবে। কমিশন চায়, তাদের মেয়াদেই নির্বাচন কমিশন শক্তিশালী করার প্রস্তাব সরকারের কাছে যাক, যাতে নতুন নির্বাচন কমিশন এসে আরও স্বাধীনভাবে কাজ করতে পারে।অনুসন্ধান কমিটি: নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইনের খসড়া ইতিমধ্যে প্রণয়ন করেছে ইসি। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনার নিয়োগে সম্ভাব্যদের একটি প্যানেল তৈরি করবে অনুসন্ধান কমিটি। ওই কমিটি প্রধানমন্ত্রীর কাছে প্রতিটি পদের বিপরীতে তিনজনের নাম প্রস্তাব করবে। পরে সংসদের কার্য-উপদেষ্টা কমিটি (সরকার ও বিরোধী দলের সমন্বয়ে) তা পরীক্ষা করে বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবে। উপদেষ্টা কমিটির চূড়ান্ত প্যানেল থেকে যে কাউকে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।