নারায়ণগঞ্জে সেনা মোতায়েন হচ্ছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ রোববার নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়ে জানানো হয়েছে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগে কোনো চিঠি পাঠানো হয়েছে কি না, তা আমার জানা নেই। পাঠালে অবশ্যই সবাইকে জানানো হবে।’এর আগে দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, ‘সেনা মোতায়েনের বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। এ ব্যাপারে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’তবে কমিশন সূত্র জানিয়েছে, বিকেলেই চার কোম্পানি সেনাসদস্য মোতায়েনের জন্য নির্বাচন কমিশন থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে চিঠি পাঠানো হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনী আইনের ২ ধারার ক্ষমতাবলে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মিহির সারোয়ার মোর্শেদ স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর সকাল ছয়টা থেকে ১ নভেম্বর রাত ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সেনা মোতায়েন থাকবে। সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাসদস্যরা স্ট্রাইকিং ও ভ্রাম্যমাণ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।চিঠিতে আরও বলা হয়েছে, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারেন এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা করার জন্য কমিশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।প্রসঙ্গত, ৩০ অক্টোবর রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।