নারায়ণগঞ্জে সেনা মোতায়েন হবে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রোববার কমিশন এই সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকালই সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি পাঠানো হয়েছে কি না, আমার জানা নেই।’এর আগে দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, ‘সেনা মোতায়েনের বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’কমিশন সূত্র জানিয়েছে, চার কোম্পানি সেনাসদস্য মোতায়েনের জন্য নির্বাচন কমিশন থেকে কাল বিকেলেই সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে চিঠি পাঠানো হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনী আইনের ২ ধারার ক্ষমতাবলে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মিহির সারোয়ার মোর্শেদ স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, ২৮ অক্টোবর সকাল ছয়টা থেকে ১ নভেম্বর রাত ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জে সেনা মোতায়েন থাকবে। সম্ভাব্য বিশৃঙ্খল-পরিস্থিতি মোকাবিলায় সেনাসদস্যরা স্ট্রাইকিং ও ভ্রাম্যমাণ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।চিঠিতে আরও বলা হয়েছে, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারেন এবং নির্বাচন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা করার জন্য কমিশন সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ভোট গ্রহণ সুষ্ঠু করতে কয়েক দিন ধরেই মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিলেন।২৭ জানুয়ারির উপনির্বাচনে সেনা মোতায়েন করেনি সরকার: এর আগে গত ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে এবং ১২টি পৌরসভা নির্বাচনে কমিশন থেকে সেনা মোতায়েনের অনুরোধ জানানো হলেও সরকার তা আমলে নেয়নি। এ নিয়ে নির্বাচন কমিশনের বৈঠকে কমিশনাররা ক্ষোভ প্রকাশ করেছিলেন।সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা নির্বাহী বিভাগের কর্তব্য। ১২০ অনুচ্ছেদে বলা আছে, নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যে পরিমাণ কর্মচারীর প্রয়োজন হবে, কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি সে পরিমাণ কর্মচারী দেওয়ার ব্যবস্থা করবেন। ফৌজদারি কার্যবিধিতেও সশস্ত্র বাহিনী কর্তৃক জনপ্রশাসনকে সহযোগিতা করার বিধান রয়েছে। কমিশন সংসদের দুটি আসনের উপনির্বাচন এবং ১২টি পৌরসভার নির্বাচনে সেনা মোতায়েনের জন্য ২০ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগকে লিখেছিল। কিন্তু সশস্ত্র বাহিনী বিভাগ থেকে কমিশনের এই চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি।তবে এর আগে ১২ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনের কয়েকটিতে সেনা মোতায়েন করা হয়েছিল।