নারায়ণগঞ্জে সেনাবাহিনীর প্রয়োজন নেই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এ জন্য সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই।আজ শনিবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টায় অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এ টি এম শামসুল হুদা আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া নির্বাচনের আগে নারায়ণগঞ্জের প্রশাসনে কোনো রদবদল করা হবে না। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজের পরিধি ও দায়িত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি লোকবলও বৃদ্ধি পেয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে আরও আধুনিক করতে নতুন নতুন প্রযুক্তি ও ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারসহ বেশকিছু কাজ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয়ের নিবন্ধনের কাজও কমিশনের হাতে আসছে। এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং সুশৃঙ্খল কর্মপদ্ধতি দরকার।ইউএনডিপির অর্থায়নে ‘স্ট্রেন্দেনিং ইলেকশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ (এমইএমবি)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কর্মশালায় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কমিশনের সচিব মোহাম্মদ সাদিক এবং কর্মশালার সমন্বয়ক আবদুল আলীম। নির্বাচন কমিশন সচিবালয়ের সব কর্মকর্তাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের ৫৫ জন কর্মকর্তা পাঁচটি দলে বিভক্ত হয়ে এই কর্মশালায় অংশ নেন।