নারায়ণগঞ্জে সেলিম ওসমানের অস্ত্র মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার হচ্ছে
নারায়ণগঞ্জের ব্যবসায়ী সেলিম ওসমানের বিরুদ্ধে দায়ের হওয়া একটি অস্ত্র মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার হচ্ছে। এরই মধ্যে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ সভায় মামলাটি প্রত্যাহারের সুপারিশ করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আদালতে চিঠি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার নারায়ণগঞ্জের ৩ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের প্রথম সাব-জজ শামীমা আফরোজের আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদনের শুনানি হয়েছে।সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমানের ভাই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেলিম ওসমান ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি হয়ে আলোচনায় আসেন।এজাহারের বিবরণ ও অনুসন্ধানে জানা গেছে, ২০০২ সালে ‘অপারেশন ক্লিন হার্ট’ চলাকালে যৌথ বাহিনী ওই বছরের ১৪ ডিসেম্বর ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় সেলিম ওসমানের মালিকানাধীন পোশাক কারখানা উইজডোম অ্যাটায়ার্স লিমিটেডে অভিযান চালায়। অভিযান চালিয়ে অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, গুলিসহ যৌথ বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে সেদিন বিকেলেই সেলিম ওসমানকে ফতুল্লা থানায় সোপর্দ করা হয়। ফতুল্লা থানার তত্কালীন সহকারী পরিদর্শক (এসআই) শাহজালাল মুন্সি বাদী হয়ে সেলিম ওসমানকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০০৩ সালের ১২ এপ্রিল সেলিম ওসমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র দাখিলের আগেই সেলিম ওসমান জামিনে মুক্তি পান।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিগত সরকারের আমলে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কারণে হয়রানির জন্য যেসব মামলা করা হয়েছিল, সেগুলো প্রত্যাহারে দরখাস্ত আহ্বান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া সেলিম ওসমান তাঁর মামলাটিকে ‘রাজনৈতিক’ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহারের জন্য আবেদন জানান। ওই আবেদনে সুপারিশ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সরকারি কৌঁসুলি।গত মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতে মামলাটি প্রত্যাহারের শুনানিতে অংশ নেওয়া সেলিম ওসমানের আইনজীবী ওয়াজেদ আলী খোকন প্রথম আলোকে জানান, আসামি সেলিম ওসমান মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক আখ্যায়িত করে তা প্রত্যাহারের জন্য সরকারের কাছে আবেদন করেন। সম্প্রতি অনুষ্ঠিত আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ সপ্তম সভায় মামলাটি প্রত্যাহারের সুপারিশ করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আদালতে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার মামলাটি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট আদালতে আসামিপক্ষ আবেদন জানালে শুনানি হয়। তবে আদালত শুনানি শেষে এখনো কোনো আদেশ দেননি।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি কৌঁসুলি (পিপি) আসাদুজ্জামানও মামলাটি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট আদালতে সুপারিশ করেন। মঙ্গলবার মামলা প্রত্যাহারের আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতে ছিলেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) রতন কান্তি ধর। এপিপিও মামলা প্রত্যাহারে কোনো আপত্তি জানাননি বলে জানা গেছে।