নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে মোখলেছুর রহমান যুবরাজ (৪৮) নামের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক খুন হয়েছেন।আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি খালি জায়গা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, নিহত যুবরাজের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে।নিহত যুবরাজের স্ত্রী তাহমিনা আকতার জানান, তাঁর স্বামী বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রভাষক। ঢাকার মিরপুর এলাকার ১০ নম্বর সেকশনের ২৯ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে তাঁরা বসবাস করেন। বাড়ির পাশের শাহ আলী মার্কেটে তাঁদের একটি হোমিওপ্যাথির দোকান ও রোগী দেখার চেম্বার রয়েছে। গতকাল বিকেল সাড়ে চারটায় যুবরাজ তাঁর চেম্বার থেকে বেরিয়ে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য জাতীয় প্রেসক্লাবের উদ্দেশে রওনা দেন। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ ছিল। অনেক চেষ্টা করেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাঁকে ফোন করে হত্যাকাণ্ডের খবরটি জানায়। তিনি ঘটনাস্থলে এসে নিহতের দেহ শনাক্ত করেন। যুবরাজের স্ত্রী আরও জানান, তাঁর জানা মতে কারও সঙ্গে যুবরাজের কোনো শত্রুতা ছিল। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে যুবরাজকে হত্যা করা হয়েছে। অন্য কোথাও হত্যার পর তাঁর লাশ ওই স্থানে ফেলে রাখে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।