নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এক দম্পতি নিহত এবং একজন আহত হয়েছে। নিহত দম্পতি হলেন ব্যবসায়ী আলমগীর হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী হাসনা শিল্পী (৩০)। ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, গতকাল রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী রড-ভর্তি একটি ট্রাক আকস্মিকভাবে ব্রেক কষে। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেট কার ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই আলমগীর ও শিল্পীর মৃত্যু হয়। এ ঘটনায় পেছনের সিটে বসে থাকা প্রাইভেট কারের চালক বাবুল মিয়া গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর প্রায় ১৫ মিনিট ওই মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ থাকে। এতে চরম যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত দম্পতি সোনারগাঁওয়ের ঝাউচরা এলাকায় এক বন্ধুর বাড়িতে দাওয়াত খেয়ে ঢাকায় ফিরছিলেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।