নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় আজ মঙ্গলবার সকালে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত এবং সাতজন আহত হয়েছে। সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় নারায়ণগঞ্জ-ডেমরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত লোকজনকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বাদল মিয়া (৪৫), তাঁর ছেলে হিরা মিয়া (১৮), সুলতান বিশ্বাস (৪২) ও সুজন (২২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের সাইলো এলাকায় আজ সকাল আটটার দিকে সিদ্ধিরগঞ্জমুখী টেম্পোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা কোমল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাদশা মিয়া (৪৮) নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নিহত বাদশার ছেলে হিরা ও সুজন মারা যান। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে সুলতান বিশ্বাসের মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহত বাদশা মিয়া পেশায় বাসচালক। ছেলে হীরা বাসের সহকারী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার পর পরই বাসচালক পালিয়ে যান। বাসটিকে আটক করা হয়েছে।