নারায়ণগঞ্জে হরতালকারীদের সঙ্গে সংঘর্ষে আহত ৭০
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে ও সিদ্ধিরগঞ্জে হরতালকারীদের সঙ্গে পুলিশ ও হরতাল-বিরোধীদের পৃথক সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হন। এ সময় পঞ্চবটিতে পুলিশের একটি শর্টগান ও পিস্তল ছিনতাই করা হয়।ধর্মভিত্তিক দল ও সংগঠনের ডাকা ৩০ ঘণ্টা হরতালের শুরুতে আজ রোববার সকাল ছয়টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বেলা ১১টার পর পুলিশের ছিনতাই হওয়া অস্ত্র দুটি উদ্ধার হয়।ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়নুল হক জানান, বেলা সাড়ে ১১টায় উপজেলার লালপুরে একটি ঘরের চালা থেকে পরিত্যক্ত অবস্থায় শর্টগানটি উদ্ধার করা হয়। আর দুপুর ১২টার দিকে গোপন খবরের ভিত্তিতে ফতুল্লার বাসিন্দা আবুল সরকারের ভাড়াটিয়া আনছার আলীর বাথরুমে পাওয়া যায় পিস্তল। পিস্তল উদ্ধারের সময় সাগর নামে একজনকে গ্রেপ্তার করা হয়।পঞ্চবটি রণক্ষেত্রপ্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে ফতুল্লার পঞ্চবটিতে হরতালের সমর্থকেরা অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ১২ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। তাঁদের উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। কয়েক দফা লাঠিপেটাও করা হয়। সংঘর্ষ চলাকালে সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ারের পিস্তল এবং কনস্টেবল কবিরের শর্টগান ছিনিয়ে নেয় হরতাল সমর্থকেরা। এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।সংঘর্ষের ঘটনায় পুলিশের ১০ সদস্য, ইটিভি ও বাংলাভিশনের ক্যামেরাম্যানসহ প্রায় ৫০ জন আহত হন। অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খান, এএসআই আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। হরতাল সমর্থকেরা আট থেকে ১০টি গাড়ি ভাঙচুর করে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। সকাল ১০টার দিকে হরতালের সমর্থকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পাগলায় সড়ক অবরোধ করে।সিদ্ধিরগঞ্জে সংঘর্ষপ্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ছয়টা থেকে হরতাল সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ, দফায় দফায় মিছিল করে। সকাল সাড়ে আটটার দিকে হরতালের সমর্থকেরা চিটাগাং রোডের দিকে যায়। পৌনে নয়টার দিকে চিটাগাং রোড এলাকায় হরতাল সমর্থক ও হরতালবিরোধীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ২০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও রাবার বুলেট ছোড়ে।প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে তোফায়েল (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তোফায়েল মাদানীনগর মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের পাঞ্জাবি তৈরির দোকানে কাজ করেন।তবে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, ‘গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আমার জানা নেই।’জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানসহ ১০ পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।