নারায়ণগঞ্জে হরতালে পুলিশের লাঠিপেটায় আহত ১০, আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আজ রোববার হরতাল চলাকালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় ১০ জন আহত হয়েছেন। বিএনপির নয়জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। শহরের বেশির ভাগ দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন আছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সোয়া ছয়টার দিকে শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। মিছিল নিয়ে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু সড়কে পুলিশ মিছিলে বাধা দেয়। একপর্যায়ে লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং তাঁদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। পুলিশের লাঠিপেটায় বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হন। পুলিশ শহর বিএনপির যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা যুবদলের সভাপতি মামুন মাহমুদ, শহর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রানা মজিব, রিটন দে, আল আমিন, রহমান, সাঈদ হোসেন, শহীদ ও রোস্তম আলীকে আটক করে। শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানিতে পুলিশ বেপরোয়া লাঠিপেটা করে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, সরকারি কাজে বাধা ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ মিছিলে লাঠিপেটা করে।