নারায়ণগঞ্জে হাজতির মৃত্যু, পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা কারাগারে আজ শনিবার ভোরে ফারুক মিয়া (৩২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, রিমান্ডে নিয়ে পুলিশি নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।ঘটনা সম্পর্কে নারায়ণগঞ্জ জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার দেওয়ান তারিকুল ইসলামের ভাষ্য হচ্ছে, আজ ভোরে হাজতি ফারুক মিয়া হঠাত্ বুকে ব্যথা অনুভব করেন। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মাদকাসক্ত ছিলেন। দেওয়ান তারিকুল ইসলাম আরও জানান, ফারুকের বাবার নাম বোরহান উদ্দিন। নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় তাঁর বাড়ি। ২২ মার্চ নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মাদক মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ২৩ মার্চ তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার পুলিশ তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে তাঁকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে রাখা হয়।তবে তারিকুলের স্ত্রী সেলিনা বেগম ময়না দাবি করেন, রিমান্ডে নিয়ে পুলিশ তাঁর স্বামীকে নির্যাতন করেছে। পুলিশি নির্যাতনের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তাঁর দাবি, তাঁর স্বামী স্থানীয় সেন কোম্পানিতে চাকরি করতেন। ওই কোম্পানির মদসহ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এস আই) মো. নূর মোহাম্মদ বলেন, র্যাব-১১ এর একটি দল ৫০ লিটার মদসহ ফারুক মিয়াকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। তাঁকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।