নারায়ণগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মীরেরটেক এলাকায় আজ মঙ্গলবার মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হলে তিনজন আহত হয়েছেন। পুলিশ জানায়, বিকেল চারটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দ্রুত মাটিতে অবতরণ করলে এটির পেছনের অংশ ভেঙে যায়। এ সময় দুই পাইলটসহ চার আরোহী নিরাপদে নামতে সক্ষম হলেও আহত হন তিনজন।পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ছিলেন মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল, পরিচালক তানজীমা মোস্তাফা, মহাব্যবস্থাপক সাফায়াত হোসেন ও আবুল কালাম। তবে অন্য কর্মকর্তার নাম জানা যায়নি। দুজন পাইলট হলেন গুলজার হোসেন ও শফিক আলম। পুলিশ আরও জানায়, আজ সকালে ঢাকা থেকে সোনারগাঁওয়ের মেঘনা শিল্প এলাকায় মেঘনা গ্রুপের কারখানায় বৈঠক করতে গিয়েছিলেন কর্মকর্তারা। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে কপ্টারটি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারটি মেঘনা গ্রুপের নিজস্ব। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এটি যথাসময়ে মাটিতে অবতরণ করতে পারায় যাত্রীরা নিরাপদে নামতে পেরেছেন। তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।