নারায়ণগঞ্জে হেলে পড়েছে ভবন, পাশেরটিতে ফাটল
নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা তোলারাম মোড় এলাকায় গতকাল বুধবার গভীর রাতে একটি সাততলা ভবন দেবে হেলে পড়েছে। এতে ভবনের সামনের সড়কও দেবে গেছে এবং পাশের একটি একতলা ভবনে ফাটলের সৃষ্টি হয়েছে। আতঙ্কে ভবনটির বাসিন্দারা অন্যত্র সরে গেছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ পৌরসভার প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পৌরসভার প্রকৌশলী আবদুল আজিজ জানান, পৌরসভা থেকে দেবে যাওয়া ভবনটির দোতলা পর্যন্ত নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছিল। পরে ভবনটির মালিকানা হস্তান্তর হলে কোনো ফাউন্ডেশন ও পাইলিং ছাড়াই সেটি সাততলা উঁচু করা হয়। এখন ভবনটি দক্ষিণ পাশে দেবে হেলে পড়েছে। সড়কের সামনের অংশও দেবে গেছে। পাশে আরেকটি একতলা ভবনে ফাটলের সৃষ্টি হয়েছে।ভবন দুটির বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরে যেতে বলা হয়েছে।প্রত্যক্ষদর্শী লোকাজন জানান, ২০ বছর আগে শীতলক্ষ্যা তোলারাম মোড় এলাকার ব্যবসায়ী রিয়াজুদ্দিন একটি দোতলা ভবন নির্মাণ করেন। আট বছর আগে মফিজুল ইসলাম নামের এক ব্যক্তি সেটি কিনে সাততলা পর্যন্ত বর্ধিত করেন। গতকাল গভীর রাতে আকস্মিকভাবে ভবনটি দেবে যায় এবং এক পাশে হেলে পড়ে। এ সময় পাশের ৭৩ নম্বর হোল্ডিংয়ের একটি একতলা ভবনে ফাটলের সৃষ্টি হয়।এ ব্যাপারে হেলে পড়া ভবনের মালিক মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।