নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক কাল
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কর্মকৌশল নির্ধারণের জন্য কাল সোমবার নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে সকাল ১০টায় এই বৈঠক হবে।নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বৈঠকে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাব, বিজিবি ও আনসারের মহাপরিচালককে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।এদিকে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের আচরণবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করে নির্বাচন কমিশন থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের কেউ কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করতে পারবেন না। যানবাহন নিয়ে কোনো মিছিল, জনসভা বা শক্তিপ্রয়োগ করতে পারবেন না। পথসভা বা ঘরোয়া সভা করার আগে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে। টেলিভিশনে কোনো ধরনের প্রচার চালানো যাবে না। নির্বাচনী প্রচারে কোনো ধরনের তোরণ, প্যান্ডেল বা আলোকসজ্জা করা যাবে না। ব্যানার, পোস্টার, লিফলেট ইত্যাদি রশি দিয়ে ঝুলিয়ে দিতে হবে, আঠা দিয়ে দেয়ালে বা খুঁটিতে সাঁটানো যাবে না। আচরণবিধি অমান্য করলে প্রার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’