নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তিতে আগুন, আহত ১০
নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী বস্তিতে আজ রোববার ভোরে আগুন লাগে। এতে বস্তির প্রায় ২০০ ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১০ জন। শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের এক পাশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থেকে তীব্র জটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চাঁদমারী এলাকায় জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে গড়ে ওঠা বস্তিতে আগুন লাগে। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ঝুটের গুদাম, বস্তিঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অন্তত ১০ জন আহত হয়। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র জটের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বস্তিতে বেশির ভাগই ঝুটের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ব্যাপারে ফায়ার সার্ভিস কিছু জানায়নি।