নারায়ণগঞ্জের নির্বাচনে বোঝা যায় ইসি আজ্ঞাবহ: ফারুক
সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সেনাবাহিনী দেওয়া হয়নি। এতে বোঝা যায়, ইসি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আজ দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে।আজ সোমবার দুপুরে জয়নুল আবদিন তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের গাজিরহাট মোড়, কানকিরহাট ও ছাতারপাইয়া পূর্ববাজারে তাঁকে দেওয়া সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, এ সরকার ট্রানজিট ও করিডরের নামে ভারতের কাছে দেশ বিক্রির ষড়যন্ত্র করছে। তাই দেশ রক্ষার আন্দোলনে নেমেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।জয়নুল আবদিন বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির জন্য ১৭২ দিন হরতাল করেছে। আজ আবার তাঁরাই ক্ষমতা পাকাপোক্ত করতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে গলা টিপে হত্যা করেছে। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।ফারুক বলেন, আওয়ামী লীগ তাঁদের নির্বাচনী ওয়াদা ভঙ্গ করেছে। ১০ টাকায় চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি দেওয়াসহ দেশের উন্নয়নে দেওয়া সব ওয়াদা এখন অস্বীকার করছে। আবার ক্ষমতায় আসতে দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা করছে।জয়নুল আবদিন ফারুক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ ভেঙে পড়েছে। সাধারণ মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। দেশের মানুষ এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়।সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, আবু ইউছুফ মজুমদার, জাহিদুল হক, ফারুক বাবুল, সাখাওয়াত উল্লা, আবদুল মালেক প্রমুখ।