নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মাকসুদ গাজীপুরে খুন
আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুল আমিন মাকসুদ ওরফে বরিশাইল্লা মাকসুদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার গাজীপুর সদরের পুবাইল ইউনিয়নের তালুটিয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মাকসুদ (৫৫) নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বাড়ি বরিশাল শহরের ১৪৪/৪ খানপুর প্রধান সড়কে। তাঁর বাবার নাম আক্কেল আলী। লাশ উদ্ধার: জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, গতকাল ভোরে তালুটিয়া এলাকার স্থানীয় লোকজন গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। সকাল সাড়ে দশটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুপুরের দিকে ময়নাতদন্ত শেষে মাকসুদের লাশ তাঁর স্ত্রী উম্মে সালমা ও ভাই রুহুল আমিনের কাছে হস্তান্তর করা হয়। ওসি আরও জানান, এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মাকসুদের নাকের ডান পাশে গুলি লেগেছে। তাঁর হাত ও পা ভাঙা ছিল। পুবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম নিহত মাকসুদের পরিবারসহ একাধিক সূত্রের বরাত দিয়ে জানান, মাকসুদ ও তাঁর বন্ধু মোসলেহ উদ্দিন গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকার ধানমন্ডির বাসা থেকে উত্তরা ক্লাবে যাচ্ছিলেন। পথে ঢাকা র্যাডিসন হোটেলের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ সড়কে পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী দুটি মাইক্রোবাসে এসে তাঁদের গাড়ির গতিরোধ করে। অস্ত্রধারীরা মশিউরকে মারধর করে মাকসুদকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এর পর থেকে মাকসুদ নিখোঁজ ছিলেন। গতকাল ভোরে কোনো এক ব্যক্তি মরদেহের পাশে পড়ে থাকা মাকসুদের মুঠোফোন থেকে পরিবারের লোকজনকে মৃত্যুর খবর জানায়।নিহত মাকসুদের স্ত্রী সালমা ও বড় ভাই রহুল আমিনসহ আত্মীয়স্বজন মর্গে পৌঁছে লাশ শনাক্ত করেন। মাকসুদের পরিবারের কয়েকজন সদস্য প্রথম আলোর কাছে দাবি করেন, সাদা পোশাকধারী কিছু ব্যক্তি গলফ ক্লাবের সামনে বিমানবন্দর সড়ক থেকে মাকসুদকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।হাসপাতালে শামীম ওসমান: দুপুরের দিকে সাবেক সাংসদ শামীম ওসমান নিহত মাকসুদকে দেখতে হাসপাতালের মর্গে আসেন। তিনি দাবি করেন, মাকসুদ খুবই ভদ্র ও ভালো স্বভাবের ছিলেন। তাঁকে নারায়ণগঞ্জ আওয়ামী তরুণ লীগের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি দাবি করে শামীম ওসমান বলেন, বিএনপি সরকারের আমলে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাঁর (মাকসুদ) বিরুদ্ধে আট-নয়টি মামলা হয়। এসব মামলার নিষ্পত্তিও হয়েছে। মাকসুদের মৃত্যু প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘এটুকু বলতে পারি, তাঁকে যারা মেরেছে তারা খুব ক্ষমতাধর। নইলে ভিআইপি সড়কে গাড়ি দিয়ে আটকিয়ে লোক তুলে নিয়ে যায় কীভাবে? ছিঁচকে ছিনতাইকারী থেকে শীর্ষ সন্ত্রাসী: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদের শাসনামলের শুরুতে মাকসুদ নারায়ণগঞ্জ শহরের খানপুর ও তল্লা এলাকায় রাতের বেলায় ছিনতাই করতেন। ১৯৮৬ সালে শামীম ওসমানের বড় ভাই নাসিম ওসমান এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টির সাংসদ নির্বাচিত হলে মাকসুদ তাঁর ছত্রছায়ায় শহরের চাষাঢ়া এলাকার সন্ত্রাসীদের সঙ্গে মিলে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল শুরু করেন। ১৯৮৮ সালের ২৪ জুলাই চাষাঢ়ায় কামাল ও কালাম জোড়া খুনের ঘটনায় শামীম ওসমানের সঙ্গে মাকসুদকেও আসামি করা হয়। ১৯৯৬ সালে শামীম ওসমান সাংসদ নির্বাচিত হলে মাকসুদকে তাঁর সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দেখা যায়। মাকসুদ সরাসরি আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কোনো কমিটিতে না থাকলেও দুই সরকারের আমলে সরকারদলীয় সব কর্মসূচিতেই তাঁকে দেখা যেত।শামীম ওসমানের ছত্রছায়ায় মাকসুদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার পরিদপ্তর; নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা পরিষদ, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি), সড়ক ও জনপথ বিভাগসহ প্রায় সব সরকারি কার্যাদেশের দরপত্র নিয়ন্ত্রণ করেন। ওই সময়ে ড্রেজার পরিদপ্তরের টেন্ডারবাজি এককভাবে নিয়ন্ত্রণ করায় মাকসুদ ড্রেজার মাকসুদ বলে পরিচিত হয়ে ওঠেন। তিনি এ সময়েই সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী নুর হোসেনের সঙ্গে মিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বাস-ট্রাক থেকে চাঁদাবাজি শুরু করেন। শিমরাইলে সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে তোলেন ট্রাক টার্মিনাল। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই টার্মিনাল উচ্ছেদ করা হয়।ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ডিপো থেকে জ্বালানি তেল সরিয়ে চোরাই তেলের জমজমাট ব্যবসাও করেন মাকসুদ। শামীম ওসমানের ছত্রছায়ায় এভাবেই কোটি কোটি টাকার মালিক হন তিনি। শামীম ওসমান জামতলার হাজি আবদুল হামিদ সড়কে আলিশান বাড়ি নির্মাণ করলে মাকসুদও তার পাশেই কোটি কোটি টাকা ব্যয়ে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন। ২০০১ সালের নির্বাচনে পরাজয়ের পর শামীম ওসমানের সঙ্গে মাকসুদও ভারতে চলে যান। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের আজমানে গিয়ে হোটেল ও শপিং মলের ব্যবসা গড়ে তোলেন। আজমানে থেকেই টেলিফোনে নারায়ণগঞ্জের প্রধান ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে মাকসুদের বিরুদ্ধে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শামীম ওসমান দেশে ফিরে আসেন। এর কয়েক মাস পর মাকসুদও দেশে ফেরেন। ইন্টারপোলের পরোয়ানা: ২০০৭ সালের ১২ মার্চ নুরুল আমিন মাকসুদসহ নারায়ণগঞ্জের আরও সাতজন সন্ত্রাসীর নামে ইন্টারপোল ওয়ারেন্ট জারি করে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন জনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের কথা বলা হয়েছে। পাঁচ ভাই-বোনের মধ্যে মাকসুদ সবার ছোট। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান জানান, মাকসুদ জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ থানায় হত্যা, হত্যার প্রচেষ্টা, সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে।