নারায়ণগঞ্জের সাইনবোর্ড চৌরাস্তা রণক্ষেত্র, আহত ৫০, আটক ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড চৌরাস্তা এলাকা আজ সোমবার সকাল থেকে রণক্ষেত্রে পরিণত হয়। পিকেটারদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয়। এতে র্যাব-পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। ১০ জনকে আটক আটক করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে হরতাল সমর্থনকারীরা মহাসড়কের সাইনবোর্ড চৌরাস্তা এলাকায় মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ মহাসড়ক থেকে পিকেটারদের সরিয়ে দিতে লাঠিপেটা এবং শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। বেলা ১১টার দিকে পিকেটাররা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশ জলকামান ছুড়ে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় গিয়ে আশ্রয় নিলে পুলিশ সেখান থেকে ১০ পিকেটারকে আটক করে। এ ছাড়া ফজরের নামাজের পর থেকেই ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সমর্থকেরা চাষাঢ়া গোল চত্বর, ২ নম্বর রেলগেট, ডিআইটি ও খানপুর মেট্রোহল মোড়, ফতুল্লার পঞ্চবটীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দখলে নিয়ে লাঠিসোঁটা ও রড নিয়ে মিছিল করে। জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।