নারায়ণগঞ্জের স্টার পার্টিকেল বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর হরিপুর এলাকায় আজ সোমবার রাতে পারটেক্স গ্রুপের মালিকানাধীন স্টার পার্টিকেল বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা প্রায় ৫০-৬০ ফুট ওপরে উঠে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ডেমরা, হাজীগঞ্জ, মণ্ডলপাড়া ও নারায়ণগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা পাটখড়ি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ জানান, উপজেলার হরিপুর এলাকায় পারটেক্স গ্রুপের মালিকানাধীন স্টার পার্টিকেল বোর্ড মিলের গোডাউনের পাশের পাটখড়ি ভাঙার সময় মেশিনের স্ফুলিঙ্গ থেকে সন্ধ্যার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।আগুনে পুড়ে গেছে ১০টি গোডাউনে রাখা বিপুল পরিমাণ পাটখড়ি, বাজারজাত করার জন্য তৈরি পারটেক্স বোর্ড ও ডাস্ট। আগুন নেভাতে গিয়ে আগুনের তাপ ও ধোয়ায় কারখানার ১৮ শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরে তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। আহত শ্রমিকেরা হলেন আমানউল্লাহ (৩৫), রহিমউদ্দিন (৩০), আবুল খায়ের (৪০), আবু বক্কর (২৪), শাহনুর (২০), রাসেল (২০), নুরজ্জামান (২০), কামাল (২৫), আমান নূর (২৬), আলী হোসেন (২৬), জাকির হোসেন (২৮), আলী (১৮), শফিক (৩০), রাসেল (২৮), কামাল হোসেন (২৮), তোফায়েল (২০), পলাশ (২৭), রাকিবউদ্দিন (২৪)। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।স্টার পার্টিকেল বোর্ড মিলের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার প্রথম আলোকে জানান, আগুনে গোডাউনের মালামাল, মেশিনারিজসহ প্রায় ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।নারায়ণগঞ্জ দমকল বাহিনী ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, অগ্নিকাণ্ডের খবরে পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। রাত সাড়ে নয়টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়নি। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি।