নারিন্দায় মেয়েদের জিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরি। খেয়েদেয়ে আবার তৈরি হই, চলে যাই জিমে। একদিন জিমে না গেলে অস্থির লাগে। মনে হয় কী যেন একটা কাজ বাকি থেকে গেল।’ বলছিলেন ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা শারমিন। তিনি থাকেন পুরান ঢাকার নারিন্দায়। গত ১ ফেব্রুয়ারি থেকে এখানে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে চালু হয়েছে হাজী ফজলুর রহমান (কালাচাঁন) মহিলা শরীরচর্চাকেন্দ্র। ডিসিসির ৭৭ নম্বর ওয়ার্ডের এই শরীরচর্চাকেন্দ্রে নিয়মিত যাচ্ছেন ফারজানা শারমিন।পুরান ঢাকার নানা বয়সী নারীরা শরীরচর্চা করতে আসছেন এখানে। ওয়ারী থেকে আসেন ৫৮ বছর বয়সী হাসিনা জামান। তাঁর ভাষ্য, ‘এই বয়সে শরীরে নানা অসুখ বাসা বাঁধে। নিয়মিত শরীরচর্চা করলে শরীর ঝরঝরে থাকে। আগে শরীরে নানা ধরনের ব্যথা অনুভব করতাম। তবে দুই মাস ধরে শরীরচর্চা করছি। এখন অনেক ভালো আছি। পুরান ঢাকার এই জিম আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।’এদিকে ওয়ারীর রোখসানা আজাদ একা নন, তাঁর তিন মেয়ে তুলি, এনি আর লুবনাও ডিসিসির শরীরচর্চাকেন্দ্রটির সদস্য। এখানে কথা হয় তুলির সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সবাই একসঙ্গে আসতে পারি না। সকাল-বিকেলে যে যখন সময় পাই, তখন এসে ব্যায়াম করে যাই।’শুধু পুরান ঢাকার নারীরাই নন, অন্য এলাকা থেকেও নারীরা আসছেন ডিসিসির হাজী ফজলুর রহমান (কালাচাঁন) মহিলা শরীর-চর্চাকেন্দ্রে। ফতুল্লা থেকে আসেন রাশিদা বেগম। তিনি বলেন, ‘এখানকার ব্যায়াম করার সরঞ্জামগুলো আধুনিক। পরিবেশ ভালো, আবার খরচও কম, তাই দূর থেকেই এখানে আসি।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ফেরদৌস জানান, ‘অনেক মেয়েই চান ব্যায়াম করতে। একদিকে পরিবেশ, আরেকদিকে খরচ—এ দুটো দিক চিন্তা করে সবার পক্ষে শরীরচর্চাকেন্দ্রে যাওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে ডিসিসির জিমটি আমাদের সাধ্যের মধ্যে আছে।’হাজী ফজলুর রহমান (কালাচাঁন) মহিলা শরীরচর্চাকেন্দ্রের প্রশিক্ষক হিসেবে আছেন হামিদা হোসেন। তিনি জানান, এখানে দিন দিন সদস্য বাড়ছে। এখন পাঁচ ব্যাচে মোট সদস্য ১২০ জন। এর মধ্যে প্রায় ১০০ জন নিয়মিত আসেন। এখানে ভর্তি ফি ২০০ টাকা। আর প্রতি মাসে বেতন ২০ টাকা। শুধু শরীরচর্চা নয়, এর সঙ্গে সঙ্গে সদস্যদের দৈনিক খাবারের তালিকাও করে দেওয়া হয়। সবার ওজন মাপা হয় নিয়মিত।শরীরচর্চাকেন্দ্রটির তত্ত্বাবধায়ক নূরুল ইসলাম বলেন, ‘অনেকেরই ধারণা, পুরান ঢাকার মানুষ কেবল ভোজনরসিক। শরীর ফিট রাখতে তাদের মধ্যে সচেতনতা নেই। ডিসিসির মেয়েদের জিম চালু হওয়ার পরে দেখা গেল ভিন্ন চিত্র। ব্যায়ামে অনেকের আগ্রহ আছে। আমাদের সদস্য বাড়ছে। সব বয়সী নারীরা আসছে।’ নারিন্দার হাজী ফজলুর রহমান (কালাচাঁন) মহিলা শরীরচর্চাকেন্দ্রে যোগাযোগ: ০১৯৪৪৪৪৩৩০ (তত্ত্বাবধায়ক)