সুলতানা কামাল # ইত্যাদি গ্রন্থ প্রকাশপ্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১০ # মূল্য: ২০০ টাকানারীদের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি এবং রাজনীতিতে তাঁদের ভূমিকা নিয়ে বইটি লেখা হয়েছে। মূলত মানবাধিকারনেত্রী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের নারী, মানবাধিকার ও রাজনীতি বিষয়ে প্রকাশিত নিবন্ধগুলো এ বইয়ে সন্নিবেশিত হয়েছে। মোট ৩০টি নিবন্ধ আছে বইটিতে। নিবন্ধগুলোর মধ্যে রয়েছে: জাতীয় নারী উন্নয়ন নীতি নিয়ে কিছু কথা; নারী দিবসের কথা; নারীর অধিকার মানবাধিকারও; রাজনৈতিক ব্যবস্থার সংস্কার; ২০০৭ সালেও বাংলাদেশে নারীর অবস্থানের আশাব্যঞ্জক উন্নতি হয়নি; সিডও কমিটির ২৫ বছর ও বাংলাদেশ; বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাস ও বর্তমান ধারা; মুসলিম পারিবারিক (সংশোধন) আইন, ১৯৯৩: স্বপ্নের উপনিবেশ; বেইজিং ’৯৫ ও নারীর আশা-আকাঙ্ক্ষা; সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দায়িত্ব অস্বীকারের রাজনীতি; দায় বহনের দায়; মানবাধিকার ও যুদ্ধাপরাধের বিচার; পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞ; ভালোবাসার আইন; বিয়ের সালিস; নারী কি কর্মজীবী না পরজীবী; সন্ত্রাস ও নারী নির্যাতনের প্রেক্ষিতে আজকের ভাবনা প্রভৃতি। এ নিবন্ধগুলোতে নারীদের মানবাধিকার, অবস্থান এবং নারীদের প্রকৃত অবস্থান চিহ্নিত করা হয়েছে। সঙ্গে এসেছে রাজনীতির দায় ও অন্যান্য দিক। বইটি পাঠে রাজনীতিতে নারীর অধিকারসহ আর্থসামাজিক প্রেক্ষাপট ও বাংলাদেশে নারীর অবস্থানের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি নিবন্ধেই গভীর পর্যবেক্ষণ ও অনুসন্ধানমূলক তথ্য দেওয়া হয়েছে। এতে করে সাধারণ পাঠকও উপকৃত হবেন। বলা যায়, নারীর অধিকার ও রাজনীতি বিষয়ে একটি পূর্ণাঙ্গ দলিল হয়ে উঠেছে বইটি। বইটির শেষভাগে সংযোজন অংশে আইনজীবী সুলতানা কামালের একটি দীর্ঘ সাক্ষাত্কার রাখা হয়েছে। সাক্ষাত্কারটির শিরোনাম হচ্ছে: ‘পক্ষ বদলে যায় কিন্তু রুলস অব গেমস বদলায় না’। সাক্ষাত্কারে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, রাজনীতি, গণতন্ত্র, বিচার বিভাগ, মানবাধিকার ও নারী বিষয়সহ অনেক গুরুত্বপূর্ণ দিক উন্মোচিত হয়েছে। জব্বার হোসেন ও শুভ কিবরিয়ার নেওয়া এ সাক্ষাত্কারটি একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবেই বইটিতে অলংকৃত হয়েছে। বইটি নারী ও রাজনীতি বিষয়ে উত্সাহী পাঠক ছাড়াও গবেষক, আইনজীবী, আইনের ছাত্র, সাংবাদিক, বিচারকসহ সব শ্রেণীর পাঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা হিসেবে স্থান পাবে।