নারী অগ্রযাত্রায় বড় বাধা ধর্মীয় রাজনীতি ও জামায়াতে ইসলামী: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘দেশের নারী অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা জামায়াতে ইসলামী। তারা ক্ষমতায় আসলে নারী অগ্রযাত্রা তো দূরে থাক, দেশে নারীর অবস্থান আরও ১০০ বছর পিছিয়ে যাবে। এদের ধর্মীয় রাজনীতির কারণে নারীর ক্ষমতায়নের ইতিবাচক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। তাই এদেরকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।’ আন্তর্জাতিক নারী দিবস-২০১০ উপলক্ষে আজ সোমবার সকালে এলজিইডি ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, ‘জামায়াতের কার্যক্রম মানবীয় নয়। তাদের আক্রোশ ভয়ংকর। এদের কাজই হচ্ছে ধর্মের নামে মানুষকে বঞ্চিত করা। ধর্মের নামে মানুষে মানুষে দ্বিধাবিভক্তি সৃষ্টি করা এবং ধর্মের নামে দেশের অগ্রগতি থামিয়ে দিয়ে আরও পিছনে নিয়ে যাওয়া। তাই এ দেশের মানুষ কোনো দিন তাদেরকে বরদাশত করবে না। আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’এর আগে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ঋণ সহায়তা নিয়ে স্বনির্ভর হওয়া দেশের বিভিন্ন এলাকার নয়জন নারীকে সম্মাননা পুরস্কার ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন স্থানীয় সরকারমন্ত্রী। এ সময় বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন এবং স্বাগত বক্তব্য দেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে অচিরেই নারীনীতি প্রণয়নের কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী এবং বিমানের পাইলট, বিচারপতিসহ বিভিন্ন পেশায় সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন নারী। এর মানে এই নয় যে সর্বস্তরে নারীর ক্ষমতায়ন হয়েছে। কিছু ক্ষেত্রে শুধু হয়েছে। এখন ইতিবাচক কার্যক্রম গ্রহণের মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মাঝারি আয়ের দেশে পরিণত করতে হবে। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা থাকা প্রয়োজন। কিন্তু ধর্মীয় রাজনীতি এই ইতিবাচক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। তাই নারীর ক্ষমতায়নে জামায়াতই সবচেয়ে বড় বাধা। এ কারণে এদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। স্থানীয় সরকারমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী থাকুক, এটি আমরাও চাই। বাংলাদেশকে বদলে দিতে হলে নারীর যে অবস্থান তাও বদলে দিতে হবে। আইনের মাধ্যমে রাজনৈতিক দল যাতে এটি করতে বাধ্য হয় সেটি করতে হবে। একটি মাত্র আইনের কারণে এখন স্থানীয় সরকারে ৩৩ ভাগ নারী নির্বাচিত হয়ে আসছে। সংসদেও ৩০ ভাগ নারী নির্বাচিত হয়ে আসুক সেটিই করতে হবে।’