নারী-অধিকার প্রশ্নে মৌলবাদী গোষ্ঠীর কাছে সরকারের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, স্বাধীনতার এতগুলো বছর পরও ব্যক্তিগত জীবনে নারী-পুরুষের সমতা আসেনি। হিন্দু নারীরা বিয়ে নিবন্ধনের দাবি তুলেছিলেন। কিন্তু আট থেকে ১০ জন হিন্দু নেতার চিঠির কাছে সরকার নতজানু হয়েছে। এ সরকারই জঙ্গিবাদ দমন করেছে দাবি করে তিনি বলেন, অন্যদিকে নারীর অধিকারের প্রশ্নে সরকার মৌলবাদী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করে।আজ শনিবার দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত বিকশিত নারী নেটওয়ার্কের চতুর্থ জাতীয় সম্মেলনে (কনভেনশন) সুলতানা কামাল এসব কথা বলেন। নগরের এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে আসা নারীনেত্রীরা উপস্থিত ছিলেন।আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল আরও বলেন, ‘পুরুষতান্ত্রিক মনমানসিকতা, ধর্মব্যবসা ও সংস্কৃতির মোড়কে গড়া সমাজ নারীর অবস্থানকে নিয়ন্ত্রণ করে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা করে নির্মিত চলচ্চিত্রের প্রতিবাদে যে বিশ্বব্যাপী আন্দোলন চলছে, তাতে দেশীয় মোল্লারা জাতীয় নারী ও শিক্ষানীতি পরিবর্তনের দাবি তুলেছেন। অর্থাত্, যেকোনো অজুহাতে নারীকে পিছিয়ে দেওয়াই হচ্ছে মূল কথা।’সুলতানা কামাল নারীনেত্রীদের উদ্দেশে বলেন, ‘১৯২৮ সালে আমার মা প্রথম মুসলিম নারী হিসেবে বিমানে চড়েন। বর্তমানে ওয়াসফিয়া নাজরীনরা এভারেস্টের চূড়ায় উঠছে। অর্জন অনেক। তার পরও মনে রাখতে হবে, সামনে কঠোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আর অধিকার আদায়ের লড়াই নিজেদেরই করতে হবে; কারণ, যারা ভোটের রাজনীতি করে, তারা এ লড়াই করে দেবে না।’অনুষ্ঠানের আলোচকেরা জানান, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধানে বিকশিত নারী নেটওয়ার্কের কার্যক্রম পরিচালিত হচ্ছে। হাঙ্গার প্রজেক্টের কন্যাশিশু ও নারীর ক্ষমতায়ন নিয়ে পরিচালিত কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজটি করছে নেটওয়ার্কের সদস্যরা।নেটওয়ার্কের রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের নারীনেত্রী রহিমা বেগম নিজের এবং অন্য নারীদের নেত্রী হিসেবে আত্মপ্রকাশের ইতিহাস শোনান। তিনি বলেন, ‘আমি ছিলাম একজন গৃহবধূ। গ্রামের গণ্ডিটা কতটুকু, তা-ই জানা ছিল না। সেই আমি এখন ঢাকা চিনি। ঢাকায় এসে বক্তৃতা করি। দুর্নীতি দমন, তথ্য অধিকারের মতো কঠিন বিষয় নিয়েও কথা বলি।’ রহিমা বেগম প্রতিবন্ধীদের জন্য স্কুল খুলেছেন। বয়স্কশিক্ষাসহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন। ময়মনসিংহের তাহমিনা মল্লিক, ঢাকার শাহিন আক্তারসহ অন্য নারীনেত্রীরা জানান, নেটওয়ার্কের আওতায় দেওয়া প্রশিক্ষণ তাঁদের চিন্তা-চেতনায় ইতিবাচক প্রভাব ফেলেছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকায় তাঁরা নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন কাজ করে সমাজ-পরিবর্তনে ভূমিকা রাখছেন।এই নেটওয়ার্কের প্রধান পৃষ্ঠপোষক দ্য হাঙ্গার প্রজেক্টের দেশীয় পরিচালক বদিউল আলম মজুমদার বলেন, নারীরা ক্ষমতায়িত না হলে দেশে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে না।কানাডার হাইকমিশনার হেদার ক্রুডেনও নারীদের সমাজ-পরিবর্তনের অনুঘটক হিসেবে উল্লেখ করেন।ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন নারীদের অর্থনৈতিক সক্ষমতা অর্জন করা ও সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে হাঙ্গার প্রজেক্ট ও নেটওয়ার্ককে সহায়তাকারী দাতাগোষ্ঠীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পামেলা পিটারসন ও অস্ট্রেলিয়ার প্রতিনিধি কাথি বাক বক্তব্য দেন। তাঁরা এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। জাতীয় সংগীত, বিকশিত নারী নেটওয়ার্কের থিম সং বা মূল সংগীত ‘আমরা নারী বিকশিত নারী, আমরা সবাই নতুন সমাজ গড়তে পারি’ গানটি সবার মধ্যে নতুন উদ্যমের সূচনা করে। এ ছাড়া প্রদীপ জ্বালানো, আদিবাসী গানসহ বিভিন্ন আঞ্চলিক পরিবেশনা, র্যাফল ড্র, ছোট শিশুদের নাচ—সব মিলিয়ে নারীনেত্রীরা দিনভর আনন্দে মেতে থাকেন। যাওয়ার আগে তাঁরা সই করে চতুর্থ জাতীয় সম্মেলনের অঙ্গীকারনামা পালনেরও প্রতিজ্ঞা করেন। অনুষ্ঠানে সম্মেলনের অঙ্গীকারনামা পড়ে শোনান নারীনেত্রী রাশিদা আক্তার।