নারী অধিকার রক্ষায় প্রশংসনীয় পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি পাকিস্তানে জাতীয় পরিষদে পাস হলো ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০১০। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আইনগত পদক্ষেপ নিয়েছে সরকার। এসব পদক্ষেপে মহিলা, কর্মজীবীসহ দেশের বিশাল এক জনগোষ্ঠী উপকৃত হবে। এ জন্য সরকারকে চাইলে কৃতিত্ব দেওয়া যেত। কিন্তু কেউ দিচ্ছে না। আমাদের রাজনীতিতে আসলে ‘প্রশংসা’, ‘স্বীকৃতি’ শব্দগুলো কেমন যেন অচল। এটা নিঃসন্দেহে অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি। অবশ্য ভালো কাজগুলো আমাদের দেশে বরাবরই উপেক্ষিত।ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০১০ কার্যকর হয় মাত্র কয়েক দিন আগে। তবে উদ্যোগটা বহু আগের। যৌন হয়রানির বিরুদ্ধে কর্মজীবী মহিলাদের প্রায় দুই বছর সংগ্রামের ফসল হিসেবে আসে এ আইন। দণ্ডবিধির ৫০৯ ধারায় এত দিন অপরাধটা নিয়ন্ত্রিত হতো। নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে কেউ কোনো উক্তি, অঙ্গভঙ্গি বা কাজ করলে দোষী ব্যক্তিকে এ ধারায় এত দিন এক বছর বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতো। নারীর শালীনতা রক্ষায় ৫০৯ ধারার এ সাজা যেমন ছিল অপর্যাপ্ত, তেমনি এর ক্ষেত্রও ছিল সীমিত। আমাদের মতো নারী-অবান্ধব সমাজে নারীর শালীনতাহানিকর সব অপরাধ এ আইনের আওতায় আসে না। সেখানে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০১০-এর পরিধি যথেষ্ট বিস্তৃত। এ আইন ৫০৯ ধারাকে প্রতিস্থাপন করেছে। আইনটি যৌন হয়রানির মোটামুটি পরিপূর্ণ একটা সংজ্ঞা দিয়েছে। যৌন ইঙ্গিতকর উক্তি, আওয়াজ, ইঙ্গিত, অঙ্গভঙ্গি প্রদর্শন, আহ্বান ও আপত্তিকর কমবেশি সবকিছুই অপরাধের কাতারে নিয়ে এসেছে এ আইন। সঙ্গে পরিয়ে দিয়েছে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড। কর্মক্ষেত্র, হাটবাজার, রাস্তাঘাট, যানবাহন, পার্ক-ময়দান, গৃহ কিংবা জনারণ্য—সর্বক্ষেত্রই আইনটি তার আওতায় নিয়ে এসেছে।নারীদের নিরাপত্তার দিক বাদ দিলেও আইনটি সরকার ও সুশীল সমাজের মধ্যে সেতুবন্ধের নতুন দিক উন্মোচনের ইঙ্গিত দেয়, যা কিনা পরবর্তী সময়ে আদর্শ হিসেবে পরিগণিত হতে পারে।প্রাথমিক অবস্থায় একটা খসড়া বিল আকারেই আইনটির জন্ম। কর্মজীবী মহিলারাই বিলটি প্রণয়ন করেন। পরে সেটা দাখিল হয় দূরদৃষ্টিসম্পন্ন কিছু সরকারি কর্মকর্তার কাছে। তারপর জাতীয় পরিষদের স্তর পেরিয়ে সিনেটে গিয়ে বিলটি আইনে পরিণত হলো। অবশ্য বিলটি পাসের জন্য সিনেটের ওপর বেসরকারি সংস্থাসহ বিভিন্ন ধর্মভিত্তিক দলেও চাপ ছিল। এ ধরনের প্রস্তাব বা চাপ সমাজের জন্য ভালো লক্ষণ। বিরোধিতার জন্য কখনো কোনো ভালো প্রস্তাবকে অবজ্ঞা করা ঠিক নয়। খোলামেলা ও উদাত্ত আলোচনার মাধ্যমে ভিন্নমতের মানুষ বা দলের মধ্যেও যে সেতুবন্ধ হতে পারে, এ ঘটনাই তার উপযুক্ত প্রমাণ।ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০১০ বিলটি দলের অভ্যন্তরে ও নারীসংশ্লিষ্ট সব মহলে বেশ প্রশংসা কুড়ায়। ‘কর্মক্ষেত্রে নারী হয়রানি সুরক্ষা বিল’-এর প্রতি সরকারের নীতিনির্ধারণী মহল প্রথমে নেতিবাচক মনোভাব দেখিয়েছিল। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০১০ বিলটি পাস হলে পরে এতে সম্মতি দিতে তারা আর ‘না’ করেনি। খুব স্বল্প সময়ে বিলটি পাস করে। কর্মক্ষেত্রে নারীকে হয়রানিমুক্ত রাখা, তাঁদের স্বাধীন চলাচল নিশ্চিত করা প্রতিটি সমাজেরই নৈতিক কর্তব্য। এ নিশ্চয়তা সামাজিক অগ্রগতির স্মারক। এ লক্ষ্য নিয়ে কতিপয় বেসরকারি সংস্থা স্বেচ্ছায় কর্মচারীদের জন্য একটা আচরণবিধি তৈরি করে, যা ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োগ করছে। সেই আচরণবিধিগুলোর আনুষ্ঠানিক ও আইনি রূপ হলো এই ‘কর্মক্ষেত্রে নারী হয়রানি সুরক্ষা বিল’।গার্হস্থ্য সহিংসতা বিলটিতে সম্মতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সিনেট বিশ্রী এক বোকামির পরিচয় দিয়েছিল। সরকারের দূরদর্শিতায় সিনেটের ভাবমূর্তি রক্ষা পেল শেষ পর্যন্ত। বিলটি এখন অনতিবিলম্বে পুনরুজ্জীবিত করা দরকার। সংগত কারণে আশা করা যায়, বিলটি সংসদের অনুমোদন পেয়ে যাবে। কেউ যদি তাতে বাধা দেয়, ধরে নিতে হবে তারা দেশে গার্হস্থ্য সহিংসতা বাড়াতে চায়।এ বিষয়ে সংসদ আরও দুটি বিল গ্রহণ করেছিল। কিন্তু আইনে পরিণত হয়নি এখনো। ওই যে বলে প্রজাদের দুঃখ-দুর্দশা খুব কমই কর্তাদের কানে যায়। সে কারণেই হয়তো এমনটি ঘটছে। ওই বিল দুটির প্রথমটিতে বলা হয় চাকরিচ্যুতি (বিশেষ ক্ষমতা) অধ্যাদেশ, ২০০০-কে প্রতিস্থাপনের কথা। সরকারি ও করপোরেশনের কর্মচারীদের খেয়াল-খুশিমতো চাকরিচ্যুতি ঘটানোর জন্যই জেনারেল পারভেজ মোশাররফ এই বিতর্কিত অধ্যাদেশটি জারি করেছিলেন। অধ্যাদেশটি প্রতিস্থাপিত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ কেন্দ্রীয় সরকারের মালিকানা, ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত করপোরেশন, করপোরেট, কর্তৃপক্ষ, বিধিবদ্ধ সংস্থা বা অন্যান্য সংগঠন, রেলওয়ে, ওয়াপদার বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবে।আর দ্বিতীয় বিলটি ছিল ‘চাকরি ট্রাইবুন্যাল আইন, ১৯৭৩’ সংশোধনের প্রস্তাব। সেখানে শ্রম আদালত বা ট্রাইব্যুনালের কাছে কতিপয় কর্মচারীকে তাঁদের অভাব-অভিযোগ পেশ ও আইনগত প্রতিকার লাভের সুযোগদানের কথা বলা হয়। আশা করা হচ্ছে, এতে বিদ্যমান আইনের ফাঁকফোকরগুলোও দূর হবে। বিষয়টি অবশ্য বিচার বিভাগ আগেই সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু ফল পায়নি কোনো।বিল দুটি সংসদের উভয় কক্ষেই পাস হয়েছে। আইনে পরিণত হওয়ার জন্য রাষ্ট্রপতির সম্মতিটাই শুধু এখন বাকি। এ আনুষ্ঠানিকতা সম্পাদনে দেরি করাটা মোটেও সমীচীন হবে না।আমাদের দেশের শ্রমিকদের দুর্ভাগ্য হলো, সরকার কিংবা আইনপ্রণেতা—কারও কাছে থেকেই তাঁরা এখনো ন্যায্য আচরণ পান না। তাঁদের সে দুর্দশা নিরসনে ব্যাংকিং কোম্পানি অধ্যাদেশের ২৭(খ) ধারা বাতিলের দাবি ওঠে। কিন্তু বিষয়টি এখনো আটকা পড়ে আছে সংসদে।যা-ই হোক, শ্রম মন্ত্রণালয় সম্প্রতি শ্রমিকের রক্ষা ও অধিকার পুনরুদ্ধারে কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। শিল্প-সম্পর্কিত ২০০৮ সালের আইনটি আট-নয় সপ্তাহের মধ্যে তার কার্যকারিতা হারাতে যাচ্ছে। আইনটির একটি উপযুক্ত ও শ্রমিকবান্ধব বিকল্প তৈরিতে শ্রম মন্ত্রণালয় এখন বেশ তৎপরতা দেখাচ্ছে। ওই আইনটি এত দ্রুততায় প্রণীত হয়েছিল যে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি সেখানে মোটেও বিবেচনায় আনা হয়নি। এ ছাড়া ওই আইন ছিল আন্তর্জাতিক শ্রম আইনের ৮৭ (স্বাধীন সমাবেশের অধিকার) ও ৮৯ ধারার (ট্রেড ইউনিয়নের অধিকার) সঙ্গে সাংঘর্ষিক। নতুন আইনের খসড়ায় শ্রমিকদের মৌলিক স্বার্থ ও মালিকদের স্বার্থ—এ দুইয়ের মধ্যে সুসমন্বয়সাধনের চেষ্টা করা হয়।এ নতুন আইন প্রণয়নের কথা শোনা যাচ্ছে আজ প্রায় দুই বছর। আইন প্রণয়নের এই শ্লথ গতিতে জনগণ সত্যিকার অর্থে হতাশ। জনগণের সে হতাশা উপেক্ষা করা সরকারের ঠিক হবে না। পাকিস্তানে গণতন্ত্র সংহত করতে চাইলে, গণতান্ত্রিক মূল্যবোধ ও এর স্থায়িত্ব সম্পর্কে জনগণের সন্দেহ দূর করতে চাইলে সরকারের উচিত হবে নতুন আইন প্রণয়নের কাজটি ত্বরিত গতিতে শেষ করা এবং সর্বদা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলিকে প্রাধান্য দিয়ে কাজ করা।লেখক: পরিচালক,পাকিস্তান মানবাধিকার কমিশন এবং সাবেক প্রধান সম্পাদক, পাকিস্তান অবজারভারভাষান্তর: আফতাব রাগিব