নারী আন্দোলন এবংসুফিয়া কামাল
নারী আন্দোলনের সঙ্গে কবি সুফিয়া কামালের যেন একটা আত্মিক যোগাযোগ জীবনের সূচনালগ্ন থেকেই ছিল। সওগাত সম্পাদকের সঙ্গে পরিচয় তাঁর জীবনে এক সবিশেষ স্মরণীয় ও বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। প্রথম বিশ্বযুদ্ধে বরিশাল থেকে কলকাতায় প্রবাসী জীবন-যুদ্ধ, সংগ্রাম, মন্বন্তর চিরজিজ্ঞাসু সুফিয়া কামালকে গভীর ও বিচিত্র বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি করেছে। বরিশালের মেয়ে বর্ধমানে নারী আন্দোলনের কাজে মহিলা আত্মরক্ষা সমিতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে ভারতীয় কমিউনিস্ট পার্টি ও নারী আন্দোলনের নেত্রী মনিকুন্তলা সেনের সঙ্গে কাজ করেন। রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে শিশু-কিশোর-কিশোরীদের জন্য বিশেষ আধুনিক স্কুল প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক দাঙ্গাবিরোধী কাজে যোগ দেন। লীলা নাগের সঙ্গেও কাজ করেন। এ সময় আনোয়ারা খাতুন, দৌলতুন্নেছা, ডলি ঘোষসহ অনেকের সঙ্গে কাজ করেন। ১৯৪৮ সালে যুঁইফুল রায়, নিবেদিতা নাগদের সঙ্গে যুক্ত হয়ে পূর্বপাকিস্তান মহিলা সমিতি গড়ে তোলেন। ওয়ারী মহিলা সমিতিতে প্রথমে সুফিয়া কামাল সভাপতি, সাধারণ সম্পাদিকা লায়লা সামাদ; পরে সুফিয়া কামাল সভানেত্রী, রাইসা হারুন সাধারণ সম্পাদিকা হন। মাতৃভাষা আন্দোলনে সুফিয়া কামাল, লায়লা সামাদ, সন্জীদা খাতুন, বেগম কাজী মোতাহার হোসেন ও অন্যদের সঙ্গে শোক মিছিল, নারীদের নিয়ে সভা ইত্যাদি কাজে যোগ দেন। নাদেরা বেগম, সুফিয়া প্রমুখ ছাত্রনেত্রীদের সঙ্গেও সুফিয়া কামালের যোগাযোগ ছিল। পাকিস্তান আমলে নারীর আইনগত অধিকার ও পরিবারে নারীর অবস্থান উন্নত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপে সুফিয়া কামাল সক্রিয় নেতৃত্বের ভূমিকা পালন করেন। সুফিয়া কামাল বঙ্গীয় মুসলিম বিবাহ আইন ও তালাক রেজিস্ট্রেশন বিলের সংশোধনীর প্রতিবাদ জানান। বিবাহ ও পারিবারিক আইন কমিশনের সুপারিশ পর্যালোচনা সভা এবং জনমত গঠনে শামসুন্নাহার মাহমুদ, দৌলতুন্নিসা খাতুন, আনোয়ারা খাতুন এঁদের সঙ্গে কাজ করেন সুফিয়া কামাল। ১৯৬২ সালে মুসলিম পারিবারিক আইন সংশোধন করে যতটুকু নারীস্বার্থ রক্ষামূলক ধারা যুক্ত হয়েছিল, একটি প্রতিক্রিয়াশীল মহল যখন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে, তখন এই নারীস্বার্থ রক্ষাকারী অর্ডিন্যান্স বানচালকারীদের বিরুদ্ধে বিবৃতি, সভা-সমাবেশ ইত্যাদি কর্মকাণ্ডের মধ্য দিয়ে সীমিতভাবে হলেও একটা প্রতিবাদ আন্দোলন করেন। এতে সুফিয়া কামাল প্রতিটি পদক্ষেপে যুক্ত ছিলেন। তিনি ১৯৫৩ সালে মুসলিম উত্তরাধিকার আইন সংশোধনের প্রয়োজনীয়তা দাবি করেন। কামরুন্নাহার লাইলী তাঁর সঙ্গে ‘পূর্ব পাকিস্তান মহিলা সংসদ’ করেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ মহিলা পরিষদ ও কবি সুফিয়া কামাল অবিচ্ছেদ্যভাবে জড়িত দুই নাম। ১৯৬৯-৭০ সালে বাঙালি জাতির আত্মপ্রকাশে অবিস্মরণীয় সাহসী আত্মদানের গৌরবের কালপর্বে, সীমাহীন কর্মপ্রেরণা, কর্ম-উদ্যোগ ও বহুমাত্রিক কর্মপ্রচেষ্টার পটভূমিতে শতাব্দীর নারী আন্দোলনের আদর্শ চেতনা ও ধ্যান-ধারণায় স্নাত হয়ে একটি নতুন সংগ্রামের ধারা সৃষ্টি হয়। নারী জাগরণ ও মুক্তির এই ধারার নাম বাংলাদেশ মহিলা পরিষদ। প্রাক্তন ছাত্রনেত্রী, প্রগতিশীল সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, সচেতন গৃহিণী—সবাই এর সংগঠক। নেতৃত্বের পুরোভাগে সুফিয়া কামাল। লক্ষ্য হলো পরিবারে, সমাজে, রাষ্ট্রে নারীর সম-অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা। মূল দৃষ্টি হচ্ছে পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গিতে নারীকে বিবেচনা করা। স্বাধীন বাংলাদেশের নারী জাগরণ ও মুক্তির সংগ্রামে সুফিয়া কামাল এক চিরভাস্বর নাম। একটি পশ্চাদপদ দেশে যেখানে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ দ্বারা পরিবার-সমাজ পরিচালিত ও প্রভাবিত, সেখানে নারীর ব্যক্তি-অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আদর্শ ও চেতনাকে বিকশিত করার সংগ্রামে সুফিয়া কামাল নেতৃত্বের ভূমিকা পালন করেন। মহীয়সী রোকেয়া ছিলেন সুফিয়া কামালের আদর্শ ব্যক্তিত্ব। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সুফিয়া কামালই মূল ও প্রধান ব্যক্তিত্ব, যিনি তাঁর অগ্রজ—দূরদর্শী, নিজ সময় ও পারিপার্শ্বিকতার তুলনায় অগ্রসর চিন্তাচেতনার অধিকারী—বেগম রোকেয়ার স্মৃতিকে ধরে রাখার উদ্যোগ নেন। প্রথমে আয়শা জাফরকে সহযোগী করে এবং পরে মহিলা পরিষদসহ বিভিন্ন নারী সংগঠন ও নারী আন্দোলনের মাধ্যমে বেগম রোকেয়ার চিন্তাধারাকে প্রচার করার উদ্যোগ নেন এবং প্রচেষ্টা চালান। মহিলা সমাচার, চিরঞ্জীব সুফিয়া কামাল-এ প্রকাশিত লেখা থেকে অংশবিশেষ