মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মশালায় বক্তারা
নারী আন্দোলনকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই
আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিয়ামের বিভিন্ন মিলনায়তনে আজ সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী নয়টি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। এতে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম বলেন, নারী আন্দোলনের ১০০ বছরের ইতিহাসে সংগ্রাম, বিদ্রোহ, ভালোবাসা, গণতান্ত্রিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয় ঘটেছে। ফলে নারী আন্দোলনকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই।তিনি আরও বলেন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব কিছুর সঙ্গেই নারী আন্দোলন জড়িত। ’৫২ থেকে ’৭১ পরবর্তী আন্দোলনেও নারীরা শক্তি যুগিয়েছে।কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, তথ্য কমিশনের কমিশনার সাদেকা হালিম, সাংসদ সানজিদা খানম প্রমুখ।এদিকে ‘নারী নির্যাতন প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ’ শিরোনামে আরেকটি কর্মশালায় ‘মানুষের জন্য’ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, একসময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে মনিটরিং মেকানিজম ছিল। কিন্তু তা এখন অকার্যকর হয়ে পড়েছে। তিনি এটিকে শক্তিশালী করার আহ্বান জানান। কর্মশালায় বক্তারা বিচারব্যবস্থাকে নারীবান্ধব করার আহ্বান জানান।এ ছাড়া ‘প্রতিবন্ধী নারীর অধিকার’, ‘নারীর ক্ষমতায়ন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’, ‘নারীর ক্ষমতায়নে উন্নয়ন সহযোগী সংস্থার ভূমিকা’, ‘শ্রমজীবী নারীর অধিকার’, ‘নারী ও গণমাধ্যম’, ‘তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক ও সামাজিক অধিকার’ শিরোনামে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়।