নারী আন্দোলনের শতবর্ষ ও সাজেকের নারীরা
এ বছর নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার শতবর্ষ পূর্তি উদ্যাপিত হয়েছে। সমগ্র নারী জাতির কাছে এ দিনটি বিশেষ গুরুত্ব ও তাৎপর্যের দাবি রাখে। কিন্তু এ তাৎপর্য বাঘাইছড়ির সাজেকের পাহাড়ি নারীদের কাছে কতটুকু অর্থবহ তা জানার আগেই সাজেকের নারীরা অধিকার রক্ষার আন্দোলন করতে শিখেছেন। স্বাধীনতার পর থেকে পার্বত্য চট্টগ্রামে নারীদের মধ্যে অধিকার রক্ষা আন্দোলনের শুরু হয়। মূলত ১৯৭৩ সালের শুরুতে পাহাড়ি নেতারা নারীদের রাজনৈতিকভাবে সচেতন করার অপরিহার্যতা অনুভব করেন। ১৯৭৫ সালের ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ‘পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’ নামে পাহাড়ি নারীদের প্রথম রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করে। পঁচাত্তর-পরবর্তী সময়ে এ সংগঠন সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারেনি। ১৯৮৮ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর উদ্যোগে ‘হিল উইমেন্স ফেডারেশন’ গঠন করা হয়েছিল। এ সংগঠন পাহাড়ি নারীর ওপর সব ধরনের জাতিগত নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে। ‘হিল উইমেন্স ফেডারেশন’ ১৯৯৫ সালের বেইজিং নারী সম্মেলনে পাহাড়ি নারীদের প্রতিনিধিত্ব করেছিল। বাঘাইছড়ি তথা সমগ্র পার্বত্য চট্টগ্রামে নারী আন্দোলনের প্রতীক হয়ে আছেন কল্পনা চাকমা। তাঁর প্রতিবাদী কণ্ঠকে ভয় পেত নিপীড়ক শাসকগোষ্ঠী। তাই তো ১৯৯৬ সালের ১২ জুন সারা দেশ যখন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে ব্যস্ত, তখন বাঘাইছড়ির নিউলাল্যাঘোনার নিজ বাড়ি থেকে একদল দুষ্কৃতকারী রাতের আঁধারে কল্পনা চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ১৩ বছর পরও তাঁর খোঁজ মেলেনি। এমনকি কল্পনা অপহরণ তদন্ত কমিটির প্রতিবেদনও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কিন্তু অপহরণ করেও কল্পনার প্রতিবাদী কণ্ঠস্বর রোধ করা যায়নি। আজ বাঘাইছড়ির সাজেকের পাহাড়ে পাহাড়ে হাজারো কল্পনার প্রতিবাদী কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে। অন্যায়-অবিচারের প্রতিবাদে সাজেকের নারীরা গঠন করে সাজেক সচেতন নারী সমাজ। সাজেক এমন একটি দুর্গম এলাকা যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া নেই, আছে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্য। কিন্তু এ প্রকৃতিনির্ভর জনপদ বারবার হিংস্রতার আগুনে জ্বলে উঠছে। এ হিংস্রতার পশ্চাতে রয়েছে পাহাড়িদের যুগ যুগ ধরে ভোগদখল করা জমি বেদখল করার দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য। কিন্তু জমি দখলকারীদের বিরুদ্ধে সাজেকের নারীরাও সব সময় সোচ্চার থাকেন। ফলে নারীরা এখন নিপীড়ক ও শাসকগোষ্ঠীর প্রধান টার্গেটে পরিণত হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নারীদের বিভিন্নভাবে নির্যাতনের শিকারও হতে হচ্ছে। কিন্তু তবুও তাঁরা অধিকার আদায়ের পথ থেকে সরে আসেননি। এ প্রতিবাদ কেবল সাজেকে নয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি নামক স্থানে একজন পাহাড়ি গৃহবধূর শ্লীলতাহানির প্রতিবাদে কয়েকটি গ্রামের শত শত নারী রাস্তায় নেমে এসেছিল (সূত্র: প্রথম আলো)। বর্তমানে পাহাড়ি নারীরা অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠতে ও রুখে দাঁড়াতে শিখেছে।